২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে লিগ শেষ সেনাবাহিনীর

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 11:01 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় রেমালের চোখ রাঙানি, দিনভর বৃষ্টি-এমন বিরূপ আবহাওয়ার মধ্যেই উইমেন’স প্রিমিয়ার লিগের খেলা চলেছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও জয় দিয়ে লিগ শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার উত্তরা ফুটবল ক্লাবকে ৩-১ গোলে হারায় সেনাবাহিনী। ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করল গোলাম রব্বানী ছোটনের দল।

ম্যাচে সেনাবাহিনীর শুরুটা হয়েছিল গোল হজম করে। একাদশ মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো লম্বা ক্রসে হেডে ইলামনি আক্তার লক্ষ্যভেদ করলে পিছিয়ে পড়ে তারা। 

সেনাবাহিনী সমতায় ফেরে ২০তম মিনিটে, সতীর্থের ক্রসে নিখুঁত হেডে গোলটি করেন শিখা আক্তার। সাত মিনিট পর শিখার শটে তেমন গতি ছিল না, কিন্তু তালগোল পাকান গোলরক্ষক; বল তার গ্লাভসকে ফাঁকি দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় সেনাবাহিনী। ৫২তম মিনিটে মোসাম্মাৎ সুলতানা ব্যবধান আরও বাড়ান। 

দিনের অন্য ম্যাচে, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারায় সিরাজ স্মৃতি সংসদ। আট ম্যাচে ১১ পয়েন্ট তাদের। ফরাশগঞ্জের পয়েন্ট ৯।