২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপে রেয়ালে যোগ দিলেও তাদেরকে ‘ভয় পাবে না’ বার্সেলোনা

বার্সেলোনা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির বিশ্বাস, দল হিসেবে খেলতে পারলে রেয়াল মাদ্রিদকে হারাতে পারবেন তারা।

এমবাপে রেয়ালে যোগ দিলেও তাদেরকে ‘ভয় পাবে না’ বার্সেলোনা
কিলিয়ান এমবাপে (বাঁয়ে) ও রবের্ত লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 06:50 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়া কিলিয়ান এমবাপের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে দেখা হচ্ছে রেয়াল মাদ্রিদকে। বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড সান্তিয়াগো বের্নাবেউয়ে পাড়ি জমালে নিশ্চিতভাবে শক্তি আরও বাড়বে কার্লো আনচেলত্তির দলের। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন বার্সেলোনা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। তার বিশ্বাস, দল হিসেবে খেলতে পারলে মাদ্রিদের দলটিকে হারাতে পারবেন তারা। 

এই মৌসুমে চার ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে রেয়াল। তাদের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থেকে শেষ রাউন্ডে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

সূত্রের বরাত দিয়ে ফুটবল ওয়েবসাইট ইএসপিএন-এর খবর, আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর এমবাপে রেয়ালে যোগ দেবেন। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যামের সঙ্গে এমবাপে যুক্ত হলে আরও শক্তিশালী হবে আনচেলত্তির দল। 

এই মৌসুমে লিগে দুবারের দেখায়ই রেয়ালের বিপক্ষে হেরেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও কাতালান দলটিকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে মাদ্রিদের দলটি। তাদের সামনে আরেকটি ট্রফি জয়ের হাতছানি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

এবার ইউরোপ সেরার প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। শাভি এর্নান্দেসের দল মৌসুম শেষ করতে যাচ্ছে কোনো ট্রফি না জিতেই। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে লেভানদোভস্কির কাছে জানতে চাওয়া হয়, এমবাপে রেয়ালে যোগ দিলে দলটিকে তারা ভয় পাবেন কি-না। ২৫ বছর বয়সী এমবাপেকে অবিশ্বাস্য খেলোয়াড় মনে করলেও ভয় পাওয়ার কিছু দেখেন না অভিজ্ঞ পোলিশ তারকা। 

“ভয়? না। অবশ্যই এমবাপে অসাধারণ একজন খেলোয়াড় এবং সে যদি রেয়াল মাদ্রিদে যোগ দেয়, তাহলে (দারুণ সব) খেলোয়াড়দের নিয়ে দলটি খুব শক্তিশালী হবে। তবে আমাদের মনোভাব হবে এমন- তারা কত ভালো খেলোয়াড় তা কোনো ব্যাপার না। তাদের আমরা হারাতে পারি, এই মানসিকতা নিয়ে আমরা যদি দল হিসেবে কাজ করি, তাহলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।”

বায়ার্ন মিউনিখে সাফল্যমণ্ডিত অধ্যায়ের ইতি টেনে ২০২২ সালের জুলাইয়ে বার্সেলোনায় নাম লেখান লেভানদোভস্কি। কাম্প নউয়ে নিজের প্রথম মৌসুমে লা লিগা শিরোপা জয়ের পথে তিনি গোল করেন ২৩টি। এই মৌসুমে দল ভালো করতে না পারলেও লিগে তার গোল ১৮টি, যা চতুর্থ সর্বোচ্চ।

পরের মৌসুমে ভালো করতে হলে শুরুর দিকেই রেয়ালের থেকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন ৩৫ বছর বয়সী লেভানদোভস্কি।

“প্রথম ম্যাচ থেকে, প্রথম মিনিট থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ রেয়াল মাদ্রিদের অবশ্যই কিছু সময় আসবে যখন তারা ভালো খেলবে না, পয়েন্ট হারাবে, এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তাদের শুধু ছুঁলেই হবে না, তাদের থেকে এগিয়ে যেতে হবে আমাদের।”