Published : 19 Apr 2026, 05:59 PM
গত আট মৌসুমে ম্যানচেস্টার সিটির সাফল্যের কারিগরদের একজন বের্নার্দো সিলভার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত বেশ কষ্ট দিচ্ছে কোচ পেপ গুয়ার্দিওলাকে। তার মনে হচ্ছে যেন, ‘নিজের একটা অংশ’ হারাতে যাচ্ছেন তিনি।
চলতি মৌসুম শেষে সিলভা চলে যাবেন, চলতি মাসের প্রথম সপ্তাহে এমনটা জানান ম্যানচেস্টার সিটির সহকারী কোচ পেপ লাইন্ডার্স। পরে গত বৃহস্পতিবার এই তারকা মিডফিল্ডার নিজেও জানান তার সিদ্ধান্ত।
গত আট মৌসুমে সিটির ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিলভা। চলতি মৌসুমেও দলটি ইতোমধ্যে জিতেছে লিগ কাপ। ইতিহাদ স্টেডিয়ামে সিলভার ৯ বছরের শেষটাও নিখুঁত করতে ট্রফি দিয়ে বিদায় জানাতে চান গুয়ার্দিওলা।
রোববার লিগের চূড়ায় থাকা আর্সেনালের মুখোমুখি হবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বললেন, এই লড়াইসহ মৌসুমের বাকি অংশে সিলভার গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছেন তিনি।
“সিলভাকে বিদায় জানানো সবচেয়ে কঠিন হতে যাচ্ছে কিনা? অবশ্যই। যখন এই ধরনের খেলোয়াড় চলে যায় এবং গত কয়েক বছরে যেটা অনেকবার ঘটেছে, যেন আমার নিজের একটা অংশও চলে যাচ্ছে।”
“তাকে ছাড়া (এই ক্লাবকে) কল্পনা করা কঠিন হবে। ৯ বছরে সে অবিশ্বাস্য সব কাজ করেছে এবং সে ভীষণ, ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এক সঙ্গে ১৯ শিরোপা জিতেছি, আমরা আরও দুটি শিরোপার জন্য লড়াই করছি এবং নিশ্চিতভাবেই সেগুলো জয়ের চেষ্টা করব।”
দীর্ঘ সময় সিটির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা কাইল ওয়াকার, ইলকাই গিনদোয়ান, এদেনসন ও কেভিন ডে ব্রুইনে দল ছেড়েছেন গত ১২ মাসে। এবার চলে যাচ্ছেন দলটির হয়ে ৪৫১ ম্যাচে ৭৬ গোল ও ৭৭টি অ্যাসিস্ট করা সিলভাও।
সিটিতে এখন অনেক নতুন খেলোয়াড়। গত গ্রীষ্মে এসেছেন হায়ান শেহকি ও টিজানি রেইন্ডার্স। জানুয়ারিত এসেছেন অ্যান্টোয়ান সেমেনিও ও মার্ক গেয়ি। নিকো ও’রাইলি ও আব্দুখোদির কুজানভ এখন সিটির একাদশে নিয়মিত। তাদের নিয়ে সবশেষ ছয় মৌসুমে পঞ্চম লিগ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী গুয়ার্দিওলা।