ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার টিকে থাকার লড়াই
ব্রাজিলের সামনে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করার হাতছানি। অন্যদিকে কলম্বিয়ার জন্য টিকে থাকার লড়াই। ভিন্ন মেরুতে থাকা দুটি দলের গ্রুপ পর্বের ম্যাচটি তাই বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে।
চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ছয়টায় কোপা আমেরিকার ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া।
গ্রুপে দুই দলের শুরুটাও ছিল দুই রকম। নেইমারের নৈপুণ্যে পেরুকে ২-১ হারিয়ে কোপা আমেরিকার এবারের মিশন শুরু করে ব্রাজিল। অন্যদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে শুরু হোসে পেকারমানের কলম্বিয়ার।
তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তালিকায় শীর্ষে থাকা ব্রাজিল এ ম্যাচে জিতলে নবমবারের মতো লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই মুকুট জয়ের পথে আরেক ধাপ এগুবে। অন্যদিকে, আরেকটি হোঁচটে ২০০১ সালে একমাত্র কোপা আমেরিকার শিরোপা জেতা কলম্বিয়ার সামনের পথটা খুবই কঠিন হয়ে যাবে।
কোপার পরিসংখ্যান অবশ্য ফালকাও, রদ্রিগেসদের আশা দেখাচ্ছে না। এই প্রতিযোগিতায় গত ১০ বার মুখোমুখি হয়ে কখনই ব্রাজিলকে হারাতে পারেনি কলম্বিয়া। তবে অতীতে হয়নি বলে যে এবারও হবে না, এমনটা ভাবতে চান না দলটির ডিফেন্ডার হুয়ান কামিলো সুনিগা।
“আমরা জানি, এটা কঠিন হতে যাচ্ছে। ভেনেজুয়েলা আমাদের ভালোভাবেই রুখে দিয়েছিল এবং (আমাদের জন্য পরিস্থিতি) কঠিন করে তুলেছিল।”
দারুণ ছন্দে থাকা নেইমারদের উড়িয়ে কলম্বিয়ার জন্য জয় বের করে আনা কঠিনই হবে। কেননা, টানা ১১ ম্যাচ জিতে কার্লোস দুঙ্গার দল এ মুহূর্তে এক কথায় উড়ছে।
ব্রাজিলের অধিনায়ক নেইমারও আছেন দুর্দান্ত ফর্মে। বার্সেলোনার ছন্দটা তিনি টেনে এনেছেন চিলিতেও। পেরুর বিপক্ষে ম্যাচে নেইমার নিজে গোল করেছেন, সতীর্থ দগলাস কস্তাকে দিয়েও গোল করিয়েছেন। সুনিগা অবশ্য সবকিছু কঠিন মেনে নিয়ে জানবাজি রেখে লড়াইয়ের ঘোষণা দিলেন।
“মাঠে আমরা সবকিছু দিব; জানি, এটা সহজ হবে না। কোপা আমেরিকার এই আসরটি কঠিন এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিও কঠিন হবে কিন্তু আমরা সবটুকু দিব।”
মুখোমুখি লড়াইয়ের মোট পরিসংখ্যানেও এগিয়ে ব্রাজিল। ২৭ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ১৭টি; কলম্বিয়ার জয় মাত্র ২টি। গত বিশ্বকাপেও রদ্রিগেসদের কাঁদিয়ে সেমি-ফাইনালে উঠেছিল নেইমাররা।
পরিসংখ্যান খুব একটা মনে রাখতে চাইছেন না ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে যাওয়া কলম্বিয়া যে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে, তা শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন তিনি।
কলম্বিয়ার হামেস রদ্রিগেস ও রাদামেল ফালকাওকে নিয়েও নিজের দুর্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন। সাফল্য পেতে প্রতিপক্ষের এই দুই ফরোয়ার্ডের সাচ্ছন্দ্যে খেলার পথটা আটকাতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন তিনি।
নিজেদের লক্ষ্যটা অবশ্য জানাতে ভোলেননি ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান, “এটা কঠিন এক ম্যাচ হবে এবং আমরা আরেকটি জয় নিয়ে মাঠ ছাড়ার চেষ্টা করতে যাচ্ছি।”
