নেইমারের অসাধারণ ফর্ম ভাবাচ্ছে রদ্রিগেসকে
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় কলম্বিয়া। আর এ ক্ষেত্রে দলটির প্লেমেকার হামেস রদ্রিগেসকে ভাবাচ্ছে, নেইমারের অসাধারণ ফর্মে থাকাটা।
ক্লাব ফুটবল যেখানে শেষ করেছিলেন, কোপা আমেরিকাটা নেইমার যেন ঠিক সেখান থেকেই শুরু করেন। ক্লাব ফুটবলে মৌসুমের শেষ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন নেইমার।
কোপা আমেরিকার শুরুটাও গোল দিয়ে হয় ব্রাজিল অধিনায়কের। পেরুর বিপক্ষে অসাধারণ খেলে দলকে জেতান তিনি। ২-১ ব্যবধানের জয়ে নিজে একটি গোল করেন; আর দারুণ একটি পাস দিয়ে বাকি গোলটিতে অবদান রাখেন।
ভেনেজুয়েলার বিপক্ষে হার দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করা কলম্বিয়া নেইমারের অদম্য এই রূপ নিয়ে চিন্তিত।
“নেইমার অসাধারণ ফর্মে আছে। আমাদের হারাতে তাদের সবাইকে ফর্মে থাকতে হবে।”
পেরুর বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জেতা নেইমারকে প্রশংসায় ভাসিয়েছিলেন তার সতীর্থরা। দাভিদ লুইস বলেছিলেন, নেইমারের মতো মানের একজন খেলোয়াড়কে দলে পাওয়ায় খুশি তিনি। আর পেরুর বিপক্ষে ব্রাজিলের জয়সূচক গোল করা দগলাস কস্তা সতীর্থের দেওয়া অসাধারণ পাসটিতে মুগ্ধ হওয়ার কথা জানান।
সান্তিয়াগোতে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকাল ৬টায়।
