ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধ নিয়ে ভাবছে না কলম্বিয়া
ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার আগে প্রতিশোধ নেওয়া নিয়ে ভাবছে না কলম্বিয়া। দলটির সেরা তারকা হামেস রদ্রিগেস জানিয়েছেন, এই ম্যাচ দিয়েই কোপা আমেরিকায় তার দল ঘুরে দাঁড়াতে চায়।
গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর কলম্বিয়া। দেশের মাটিতে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল ব্রাজিল।
এবারের কোপা আমেরিকায় এই দুই দল একই গ্রুপে পড়ার পরই আসছে প্রতিশোধের প্রসঙ্গটি। তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগেস এটা উড়িয়ে দেন।
“এটা প্রতিশোধ নয়, এটা আরেকটা ম্যাচ এবং আমি মনে করি এটা ভালো ম্যাচ হবে।”
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে যায় কলম্বিয়া। নকআউটে ওঠার লড়াইয়ে থাকতে এই ম্যাচ জিততেই হবে তাদের।
সান্তিয়াগোতে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকাল ৬টায়।
