২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালকাও-রদ্রিগেসে সতর্ক ব্রাজিল গোলরক্ষক

ব্রাজিলকে হারাতে দুই ফরোয়ার্ড রাদামেল ফালকাও ও হামেস রদ্রিগেসের দিকে তাকিয়ে থাকবে কলম্বিয়া। ব্রাজিল গোলরক্ষক জেফারসনও মনে করেন, প্রতিপক্ষের এই দুই ফরোয়ার্ডকে সাচ্ছন্দ্যে খেলার সুযোগ দিলে তারা বিপজ্জনক হয়ে উঠবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 06:05 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

নেতা নেইমারের প্রশংসায় পঞ্চমুখ জেফারসন
কলম্বিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন ব্রাজিল কোচ
নেইমারের অসাধারণ ফর্ম ভাবাচ্ছে রদ্রিগেসকে
ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধ নিয়ে ভাবছে না কলম্বিয়া

চিলির সান্তিয়াগোয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ছয়টায় কোপা আমেরিকার ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। এ ম্যাচ সামনে রেখে প্রতিপক্ষের দুই ফরোয়ার্ড নিয়ে নিজের দুর্ভাবনার কথা জানান জেফারসন।

“তাদের অভিজ্ঞ খেলোয়াড় হামেস এবং ফালকাওকে নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। কলম্বিয়া একটি শক্তিশালী দল; যদি আমরা তাদেরকে সাচ্ছন্দ্যে খেলতে দেই, তাহলে বিপদে পড়তে পারি।”

পেরুকে হারিয়ে নবমবারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের মিশন শুরু করে ব্রাজিল। অন্যদিকে ২০০১ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা কলম্বিয়া এবারের আসর শুরু করে ভেনেজুয়েলার কাছে হেরে। কোয়ার্টার-ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে জয় চাই ফালকাওদের।

সান্তিয়াগোর ম্যাচে কলম্বিয়া ঘুরে দাঁড়াতে তাই মরিয়া থাকবে, সেটা সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন জেফারসন। প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করার কথা জানিয়ে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক বলেন,“তাদের একটা জয় দরকার; তাই আমাদেরও ভীষণ সতর্ক থাকতে হবে।”

গত বিশ্বকাপে কলম্বিয়াকে কোয়ার্টার-ফাইনালে হারিয়েছিল ব্রাজিল। এবার রদ্রিগেসদের বিপক্ষে জিতলে কোপার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হবে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের।

তবে কোচ কার্লোস দুঙ্গার সুরে সুর মিলিয়ে জেফারসনও বলেছেন, জয়টা তাদের জন্য মোটেও সহজ হবে না। কোপা আমেরিকার এবারের আসরটি জমজমাট হতে যাচ্ছে বলেও মনে করেন তিনি।

“এটা কোপা আমেরিকার অন্যতম কঠিন আসর হতে যাচ্ছে। আপনারা দেখেছেন, অনেক দল চমকপ্রদ ফল পাচ্ছে। তবে আমাদের প্রতিটি জয়ের সুযোগ নেওয়া উচিত।”