২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন ব্রাজিল কোচ

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করে দিলেন কার্লোস দুঙ্গা। ব্রাজিলের প্রধান কোচ মনে করেন, রদ্রিগেস-ফালকাওদের বিপক্ষে ম্যাচটি নেইমারদের জন্য মোটেই সহজ হবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 04:44 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

চিলির সান্তিয়াগোয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ছয়টায় ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও ব্রাজিল। এ ম্যাচ জিতলেই এবারের আসরের কোয়ার্টার-ফাইনাল খেলা নিশ্চিত হবে দুঙ্গার দলের।

কলম্বিয়া প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ব্রাজিলের বিপক্ষে আরো দৃঢ়প্রতিজ্ঞ হয়ে নামবে বলে শিষ্যদের সর্তক করে দেন দুঙ্গা।

“কোপা আমেরিকার ম্যাচগুলো আরো কঠিন হতে থাকবে। … আসরের আর সব ম্যাচের মতো এটাও কঠিন হবে।”

ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার এবারের আসর শুরু করে ২০০১ সালে লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট পরা কলম্বিয়া।

গত বিশ্বকাপে কলম্বিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল ব্রাজিল। বিশ্বকাপে নেইমারকে কলম্বিয়ার হুয়ান কামিলো সুনিগার করা সেই আলোচিত ফাউলের কথা এ ম্যাচের আগেও আলোচনায় থাকছে। দুঙ্গা অবশ্য ওসব নিয়ে ভাবছেন না।

পেরুকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার এবারের মিশন শুরু করা দুঙ্গার চাওয়া, প্রথম ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন ফালকাওদের বিপক্ষে না করে তার শিষ্যরা।

“কৌশলগতভাবে আমাদের আরও ভালো করতে হবে। পেরুর বিপক্ষে ম্যাচে আমরা অনেক ভুল পাস দিয়েছি; তবে কোনো আসরে শুরুতে জয়ের জন্য উন্মুখ একটি দলের জন্য ওই ভুলগুলো স্বাভাবিক। আশা করছি, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি পেরুর চেয়ে শান্ত হবে।”

এ ম্যাচে হারলেও আশা থাকবে নেইমারদের। তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দুঙ্গা চাপ জয় করেই মাঠ ছাড়তে চান।

“হ্যাঁ, এ ম্যাচে চাপ আছে। কেননা, তারা যদি না জেতে, ফুটবলের চারপাশে থাকা সবাই ভাববে সবকিছুই ভুল।”

পুরনো খবর:

নেতা নেইমারের প্রশংসায় পঞ্চমুখ জেফারসন
নেইমারের অসাধারণ ফর্ম ভাবাচ্ছে রদ্রিগেসকে
ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধ নিয়ে ভাবছে না কলম্বিয়া