নেতা নেইমারের প্রশংসায় পঞ্চমুখ জেফারসন
কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক নেইমারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জেফারসন। ব্রাজিলের এই গোলরক্ষক মনে করেন, নেইমার অনেক উঁচু মানের ফুটবলার।
চিলির সান্তিয়াগোয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ছয়টায় কোপা আমেরিকার ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। এ ম্যাচ সামনে রেখে নেইমার সম্পর্কে নিজের অভিমত জানান জেফারসন।
বার্সেলোনা ফরোয়ার্ড জাতীয় দলের সাফল্যের ভিত্তিটা গড়ে দেয় উল্লেখ করে এই গোলরক্ষক বলেন, “সে-ই নেতা। আমাদের অধিনায়ক। আপনারা জানেন, গড়ের চেয়ে অনেক উঁচু মাপের এবং পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়।”
নেইমারের সাফল্য কামনা করে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক আরও বলেন, “সে একজন খেলোয়াড়, যাকে হারানো কঠিন। অবশ্যই সে একদিন সবচেয়ে সেরা ফুটবলারদের একজন হবে।”
