উরুগুয়ের বিপক্ষে জয়ের প্রত্যয় মেসির
প্যারাগুয়ের বিপক্ষে ড্র ম্যাচের হতাশা ভুলে সতীর্থদের উরুগুয়ে ম্যাচ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন লিওনেল মেসি। এই ম্যাচ জিতে নকআউট পর্বে ওঠার দৌড়টা সহজ করে ফেলার প্রত্যয়ের কথাও বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
“এখন আমাদের উরুগুয়েকে নিয়ে ভাবতে হবে। আমরা জানি, আমাদের ম্যাচটি জিততেই হবে।”
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে।
বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে।
সের্হিও আগুয়েরো ও লিওনেল মেসির গোলে প্রথমার্ধে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুটি গোলই শোধ করে দেয় প্যারাগুয়ে।
এই ড্র নিয়ে ম্যাচ শেষেই নিজের হতাশার কথা জানান আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো। এরপর মেসিও তার হতাশা প্রকাশ করেন। এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন তিনি।
“আরও অনেক উন্নতি করতে হবে এবং এটা কেবল প্রথম ম্যাচ। এখন আমাদের আগের চেয়ে শান্ত হতে হবে।”
উরুগুয়ে নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে।
