পর্তুগালকে হারিয়ে যুব বিশ্বকাপের শেষ চারে ব্রাজিল
পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ব্রাজিল। তবে মালির কাছে টাইব্রেকারে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছে অন্যতম ‘ফেভারিট’ জার্মানি।
নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে বাংলাদেশ সময় রোববার সকালে পাওয়া ব্রাজিলের জয়টি টাইব্রেকারে ৩-১ গোলে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকে। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল পায়নি কোনো দল।
টাইব্রেকারে প্রথম চার শট থেকে তিনটি গোল পায় ব্রাজিল। গোল তিনটি করেন আন্দ্রেয়া পেরেইরা, দানিলো ও গাব্রিয়েল হেসুস। যুব বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়নদের পক্ষে গোল করতে ব্যর্থ হন লুকাও।
পর্তুগাল তাদের প্রথম চারটি শট থেকে মাত্র একটি গোলই করতে পারে। এর মধ্যে একটি ব্রাজিলের গোলরক্ষক ঠেকিয়ে দেন। বাকি দুটি শটে বল গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।
একই দিনে ক্রাইস্টচার্চে মালি-জার্মানির ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই আর গোল করতে পারেনি বলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-৩ গোলে দারুণ জয় পায় মালি।
