২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে আক্রমণাত্মক খেলিয়েই সাফল্যের লক্ষ্য বেনিতেসের

রিয়াল মাদ্রিদে নতুন চ্যালেঞ্জ নিয়ে ফেরা রাফায়েল বেনিতেস শুরুতেই শোনালেন মানসম্পন্ন ফুটবল খেলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা। তার বিরুদ্ধে 'রক্ষণাত্মক মানসিকতার' সমালোচনা উড়িয়ে দিতে রোনালদো-বেল-বেনজেমাদের উদ্দেশ্যে জানালেন, আরও বেশি গোল করতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 09:50 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

রিয়ালে ৩ মৌসুমের জন্য কোচ বেনিতেস

গত দুই মৌসুম ইতালির ক্লাব নাপোলিতে দায়িত্ব পালন শেষে রিয়ালে যোগ দিলেন বেনিতেস। কোচ কার্লো আনচেলত্তি ছাঁটাই হওয়ার আগে থেকেই ইউরোপের সফলতম দলটির পরবর্তী কোচ হিসেবে বেনিতেসের নাম শোনা যাচ্ছিল।

ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিগেস, লুকা মুদ্রিচদের মতো তারকায় ভরা রিয়াল সাধারণত আক্রমণাত্মক ফুটবলই খেলে। সাবেক কোচ আনচেলত্তির অধীনেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় দলটি। কিন্তু বেনিতেসের আসার গুঞ্জন শুরুর পর অনেকেই মনে করছিলেন, সাবেক এই ডিফেন্ডারের অধীনে হয়তো এবার রক্ষণাত্মক খেলবে রিয়াল। তবে রিয়ালে পা রেখেই সে ধারণা উড়িয়ে দিলেন ৫৫ বছর বয়সী বেনিতেস।         

রিয়ালে যোগ দেওয়ার প্রথম দিনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, "রিয়াল মাদ্রিদকে ভালো খেলতে হবে, তাদের পূর্ণ শক্তি দিয়ে। আমরা জেতার জন্য খেলব। আপনাকে ভালো খেলতে হবে, জিততে হবে এবং গোল করতে হবে।"

১৯৯৩ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ের এই ক্লাবে 'বি' দলের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বেনিতেস। দুই বছর পর ভায়াদলিদের মূল কোচ হয়ে চলে যান তিনি। দীর্ঘ ২০ বছর পর পুরনো ঠিকানায় ফিরে দারুণ খুশি মাদ্রিদেই জন্ম নেওয়া এই কোচ।

"এটা খুব বিশেষ একটা দিন। খুব কঠিন একটা পথ ছিল এবং ঘরে ফিরে আসাটা আমার অন্যতম লক্ষ্য ছিল। এখানে অনেক মানুষ আছে যাদের আমি অনেক বছর ধরে চিনি। এটাকে একটা চক্র বলতে পারেন কারণ আমি এখান থেকেই শুরু করেছিলাম এবং আবারও আমি এখানে। "

খেলার ধরণ এবং খেলোয়াড়দের নিয়েও বুধবারের এই সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় বেনিতেসকে। কিন্তু প্রথম দিনেই এসব বিষয়ে কথা বলতে আগ্রহী নন জানান এই কোচ।