২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে ৩ মৌসুমের জন্য কোচ বেনিতেস

আগামী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাফায়েল বেনিতেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 04:20 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

রিয়ালের গত দুই মৌসুমের কোচ কার্লো আনচেলত্তির ছাঁটাই হওয়ার আগে থেকেই দলটির পরবর্তী কোচ হিসেবে বেনিতেসের নাম শোনা যাচ্ছিল। এবার সেটাই চূড়ান্ত হলো। ক্লাবের ওয়েবসাইটে বুধবার খবরটি নিশ্চিত করে রিয়াল।

রিয়াল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বুধবার বেনিতসকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

গত দুই মৌসুমে ইতালির ক্লাব নাপোলিতে দায়িত্ব পালন শেষে রিয়ালে যোগ দিচ্ছেন বেনিতেস।

গত মৌসুমে রিয়ালকে দশম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো কোচ আনচেলত্তিকে গত সপ্তাহে ছাঁটাই করে রিয়াল। এই মৌসুমে বড় কোনো শিরোপা না জেতার কারণেই মূলত মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে চাকরি হারাতে হয় আনচেলত্তিকে।

মাদ্রিদে জন্ম নেওয়া বেনিতেস তার কোচিং ক্যারিয়ারের শুরুতে রিয়াল 'বি' দলের দায়িত্বে ছিলেন।

কোচ হিসেবে বেনিতেসের সাফল্য মূলত ভালেন্সিয়ার হয়ে। ২০০১ থেকে ২০০৪ মেয়াদে যোগ দিয়ে স্পেনের দলটিকে প্রথম মৌসুমেই লা লিগা শিরোপা জেতান বেনিতেস। তৃতীয় মৌসুমেও ভালেন্সিয়াকে ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করান তিনি।

এরপর লিভারপুলে যোগ দিয়ে ওখানে ৬ মৌসুম কাটান বেনিতেস। অ্যানফিল্ডের দলটির হয়ে খুব বেশি সাফল্য না পেলেও শুরুটা করেছিলেন দুর্দান্ত; প্রথম মৌসুমেই অল রেডদের ইউরোপ সেরা করান তিনি। কিন্তু বাকি সময়ে আর কোনো বড় শিরোপাই জেতেননি তিনি, চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাবটিতে সর্বসাকুল্যে তার অর্জন ছিল মোট ৪টি শিরোপা।

পরে ইন্টার মিলান, চেলসি এবং সবশেষ নাপোলির দায়িত্ব পালন করা বেনিতেসের তেমন কোনো সাফল্য নেই। ইন্টারের হয়ে ২টি, চেলসির হয়ে ১টি এবং নাপোলির হয়ে ২টি শিরোপা জেতেন বেনিতেস।