২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর বিধ্বংসী রূপে আনচেলত্তির স্বস্তি

২০১৫ সালের শুরু থেকে রিয়াল মাদ্রিদের পথ হারানোর অন্যতম কারণ ক্রিস্তিয়ানো রোনালদোর ফর্মহীনতা। মাঝে মধ্যে গোল পাচ্ছিলেন ঠিকই, কিন্তু চিরচেনা রূপটা দেখা যাচ্ছিল না। অবশেষে গ্রানাদার বিপক্ষে যেন পুরনো বিধ্বংসী রূপে ফিরলেন তিনি। আর দলের সেরা খেলোয়াড় ছন্দে ফেরায় রিয়ালের কোচ আনচেলত্তিও তাই বাড়তি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 11:35 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

পুরনো খবর:

৫ গোলে মেসিকে ছাড়িয়ে ফের শীর্ষে রোনালদো
হ্যাটট্রিকের রেকর্ডে মেসির পাশে রোনালদো
বিধ্বংসী রোনালদোয় রিয়ালের বিশাল জয়

রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে পয়েন্ট তালিকার শেষ অবস্থান থেকে এক ধাপ ওপরে থাকা গ্রানাদাকে ৯-১ গোলে বিধ্বস্ত করতে একাই পাঁচ গোল করেন রোনালদো। প্রথমার্ধে আট মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণের পর দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী।
 

রোনালদোর এমন অসাধারণ পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই খুশি আনচেলত্তি। তার কণ্ঠে মেলে স্বস্তির আভাসও। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রিয় শিষ্যকেই শুধু নয়, পুরো দলেরই প্রশংসা করেন তিনি। “সে (রোনালদো) দলের বাকি সব খেলোয়াড়ের সঙ্গেই উন্নতি করেছে। এটা তার জন্য এবং দলের জন্য ভালো।” রিয়ালের হয়ে এবারই প্রথম এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়লেন রোনালদো। ৩৬ গোল নিয়ে লা লিগায় এবারের আসরের গোলদাতাদের তালিকায়ও শীর্ষে ফিরেছেন তিনবারের বর্ষসেরা এই তারকা।  এই ম্যাচে একটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো; লা লিগার ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক মেসির ২৪ হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়েছেন তিনি। এই জয়ের পর ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৬৭। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৮। রোববার রাতেই অবশ্য ব্যবধান ৪ পয়েন্টে ফের বাড়ানোর সুযোগ পাচ্ছে মেসিরা; সেল্তা ভিগোর মাঠে খেলতে যাবে কাতালুনিয়া দলটি।