বিধ্বংসী রোনালদোয় রিয়ালের বিশাল জয়
দলের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো একাই পাঁচটি গোল করলেন। কম গেলেন না দলটির আক্রমণভাগের অন্য দুই তারকা গ্যারেথ বেল ও করিম বেনজেমাও। সব মিলে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা গ্রানাদাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদ।
গত মাসে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে ২-১ গোলে হেরে আন্তর্জাতিক সূচির বিরতিতে যায় রোনালদো-বেলরা। রোববার ঘরের মাঠে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকার পাশাপাশি নিজেদের উজ্জীবিতও করল রিয়াল।
এই জয়ের পর ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৬৭। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৮। রোববার রাতেই অবশ্য ব্যবধান ৪ পয়েন্টে ফের বাড়ানোর সুযোগ পাচ্ছে মেসিরা; সেল্তা ভিগোর মাঠে খেলতে যাবে কাতালুনিয়া দলটি।
দশম মিনিটে প্রথম সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি রিয়াল। গ্রানাদার রক্ষণের ভুলে বল পায়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন গ্যারেথ বেল, গোলরক্ষকের বাধাও এড়ান, কিন্তু শটটা লক্ষ্যে রাখতে পারেননি তিনি। দু্ই মিনিট পর আরেকটি সুযোগ হারান ক্রিস্তিয়ানো রোনালদো।
চতুর্দশ মিনিটে এগিয়ে যেতে পারতো গ্রানাদা, কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার রবের্ত ইবানেসের শটটা পোস্টের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায়।
এবারের লিগে বেলের এটা ত্রয়োদশ গোল, আর এই মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলে ১৭টি গোল করলেন তিনি।
এরপর আট মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে জয়টা নিশ্চিত করে ফেলেন রোনালদো।
৩০তম মিনিটে ডি বক্সের মধ্যে হামেস রদ্রিগেসের ছোট পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান রোনালদো।
চার মিনিট পরেই গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। মার্সেলোর ক্রস গ্রানাদার গোলরক্ষক ওইয়ের ঠিকমতো বিপদমুক্ত না করতে পারায় রোনালদোর কাছে বল গেলে সহজেই লক্ষভেদ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৪৩তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল গ্রানাদা, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল না। ফরাসি স্ট্রাইকার ইউসুফ এল আরাবির ২৫ গজ দূর থেকে মারা শটটি ক্রসবারে লাগে।
বিরতির পরও গ্রানাদাকে গোলবন্যায় ভাসাতে শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে রদ্রিগেসের কর্নার দারুণ ভঙ্গিমায় বুক দিয়ে বল নামিয়ে দলের পঞ্চম আর নিজের প্রথম গোলটি করেন করিম বেনজেমা।
তিন মিনিট পর ফের জালে বল জড়ান রোনালদো; বেলের ক্রসে খুব কাছ থেকে হেড করে লক্ষ্যভেদ করেন তিনবারের বর্ষসেরা খেলোয়াড়।
দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। আরবেলোয়ার পাস পেয়ে কোনাকুনি শট করেছিলেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা, বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।
৭৪তম মিনিটে অতিথিদের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ইবানেস। এল আরাবির পাস থেকে গোলটি করেন তিনি।
৮৩তম মিনিটে ডিফেন্ডার মেইন্সের আত্মঘাতী গোলে ফের ৭ গোলে ব্যবধানে এগিয়ে যায় রিয়াল; স্কোরলাইন ৮-১।
আর ৯০তম মিনিটে নিজের পঞ্চম গোলটি করেন রোনালদো। ডান-দিক থেকে লুকা মদ্রিচের ফি ক্রিকে হেড করে বল জালে পাঠান তিনি।
এবারের লিগে রোনালদোর এটা ৩৬তম গোল। গোলদাতাদের তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন তিনি, দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল ৩২টি।
