২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বকালের সেরা হতে চান রোনালদো

এর আগেও সর্বকালের সেরা হতে চাওয়ার কথা একাধিকবার বলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বর্ষসেরার তৃতীয় পুরস্কার জেতার পর সেই ইচ্ছার কথাই আরো জোর দিয়ে বললেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 02:03 AM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

সর্বকালের সেরা হতে চান রোনালদো
বিশ্বকাপে রদ্রিগেসের সেই গোলই বর্ষসেরা
স্বপ্নের একাদশে রিয়াল ও বায়ার্নের প্রাধান্য
বর্ষসেরা কোচ জার্মানির লুভ
মেসি, নয়ারকে ছাড়িয়ে রোনালদোই সেরা

আর্জেন্টিনার লিওনেল মেসি ও জার্মানির মানুয়েল নয়ারকে হারিয়ে ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অর জেতেন রোনালদো। সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে পুরস্কার হাতে নিয়ে সর্বকালের সেরা হওয়ার কথা নতুন করে জানান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

“কখনই ভাবিনি যে, আমি তিনবার এই ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারবো। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হতে চাই আমি।”

৩৭.৬৬ শতাংশ ভোট পেয়ে এবারের ব্যালন ডি অর জিতেছেন রোনালদো। তার দুই প্রতিপক্ষ মেসি ১৭.৭৬ শতাংশ ও নয়ার ১৫.৭২ শতাংশ ভোট পেয়েছেন। ভোটদাতাদের তাই ধন্যবাদ জানাতে ভোলেননি পর্তুগাল তারকা।

“যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা ছিল অসাধারণ একটা বছর। যে কাজটি এতদিন করেছি, সেটি চালিয়ে যেতে চাই। যত দিন যাবে, আরও উন্নতি করার, আরও ভালো হওয়ার চেষ্টা চালিয়ে যেতে চাই।”

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন রোনালদো। ইউরোপ সেরার এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডটিও গতবারই গড়েছেন তিনি। ‘দেসিমা’ জয়কে তাই সেরা মুহূর্ত বলে জানান রোনালদো।

“চমৎকার একটি বছর ছিল, যখন মাদ্রিদে এসেছিলাম, আমরা সবাই দেসিমার চাপ অনুভব করেছিলাম। সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা ছিল গত বছরের সেরা মুহূর্ত। এটা ছিল চমৎকার।” ২০১৩ সালেও বার্সেলোনা প্রতিদ্বন্দ্বী মেসিকে হারিয়ে ফিফা ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ২০০৮ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’ অর পুরস্কার আলাদাভাবে জিতেছিলেন তখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই ফরোয়ার্ড। তখনও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার যুক্ত হয়নি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া এই সম্মানের সঙ্গে। সব মিলিয়ে তিনবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগালের অধিনায়ক। এ সাফল্য কোচ, সতীর্থদের মাঝে বিলিয়ে দিয়েছেন রোনালদো। “কার্লো আনচেলোত্তির সঙ্গে কাজ করা ভীষণ আনন্দের। এটা সব ভক্ত, মাদ্রিদের সব সমর্থকের জন্য। এটা পাওয়ার যোগ্য তারা।” জুরিখের মঞ্চে পুরস্কার নেওয়ার সময় ছেলে ও মাকে পাশে নিয়ে আগামী দিনগুলোতে সবার জন্য আরো অনেক ট্রফি জয়ের প্রতিশ্রুতিও দেন রোনালদো।