২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা কোচ জার্মানির লুভ

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন জার্মানির ইওয়াখিতম লুভ। রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমেওনেকে হারিয়ে সেরার সম্মান অর্জন করেন বিশ্বকাপ জয়ী এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 12:27 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতানো লুভের হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

সেরা হতে ৩৬.২৩ শতাংশ ভোট পান লুভ। ২২.০৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন আনচেলত্তি। আর তৃতীয় হওয়া সিমেওনে ১৯.০২ শতাংশ ভোট পান।

লুভের অধীনে লাতিন আমেরিকার মাটিতে প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বসেরা হওয়ার রেকর্ড গড়ে জার্মানি।

পুরস্কার পেয়ে লুভ বলেন, “এটা বিশ্বকাপ কেকের ওপর আইসিং। আমি জানি, এই পুরস্কার কেবল আমার জন্য নয়; যারা জার্মানির বিশ্বকাপ জয়ে সহযোগিতা করেছিল, তাদের সবার পক্ষ থেকে আমি এটা নিচ্ছি। এটা অনেক বছর ধরে কঠিন পরিশ্রমের ফল।”

এই সম্মান পাওয়ার জন্য দলের সবার ভূমিকার কথা স্মরণ করেন লুভ।
“চমৎকার একটা দল ছাড়া কোচ কি কিছু? সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তোমরা বিশ্বমানের। তোমাদের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য উপহার।”

লড়াইয়ে থাকা আনচেলত্তিও বছরজুড়ে দারুণ সফল ছিলেন। গত মৌসুমে তার অধীনে রিয়াল মাদ্রিদ জেতে তাদের বহুল আকাঙ্খিত দশম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এছাড়া ২০১৩ সালে স্পেনের সফলতম দলটির দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমেই আরও তিনটি শিরোপা জেতেন তিনি।

আর রিয়াল এবং বার্সেলোনার মতো তারকানির্ভর দলকে পেছনে ফেলে সিমেওনের অধীনে স্পেনের লা লিগার চ্যাম্পিয়ন হয় আতলেতিকো।

মহিলা ফুটবলের সেরা কোচের পুরস্কার পেয়েছেন জার্মানির রালফ কেলেরমান।