অনন্য রেকর্ডের পথে মেসির আরেক ধাপ
২৪৮ থেকে ২৪৯, লা লিগায় লিওনেল মেসির গোল বাড়লো আরেকটি। রায়ো ভায়েকানোর বিপক্ষে এক গোল করে স্পেনের শীর্ষ ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরেক ধাপ এগুলেন আর্জেন্টিনা এই তারকা ফরোয়ার্ড।
২০০৬ সালে মারা যাওয়া স্পেনের সাবেক ফরোয়ার্ড সাররা ১৯৪০ ও ১৯৫০ দশকে খেলে ২৫১ টি গোলের রেকর্ডটি গড়েছিলেন।
শনিবার ভায়েকানোর বিপক্ষে জয়ের ম্যাচে মাঠে নামার আগে সাররাকে ছুঁতে মাত্র তিনটি গোল দরকার ছিল মেসির। দর্শনীয় একটি গোল করে ব্যবধান আরো কমালেন মেসি।
ম্যাচের ৩৫তম মিনিটে জেরার্দ পিকের বাড়ানো বল লেগে থাকা ডিফেন্ডারের চাপের মধ্যেও দারুণভাবে নিয়ন্ত্রণে রেখে বাঁ পায়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন মেসি। রেকর্ড ছুঁতে তখন দরকার ছিল আর দুটি গোল। ম্যাচের শেষ ১০ মিনিটে তিন-তিনটি ভালো সুযোগ নষ্ট না করলে ভায়েকানোর মাঠেই অনন্য কৃতিত্ব গড়তে পারতেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
অবশ্য সম্প্রতি এক অনুষ্ঠানে টানা চারবারের বর্ষসেরা ফুটবলার জানিয়েছিলেন, রেকর্ড গড়া নিয়ে মোটেও নাকি ভাবছেন না তিনি।
“রেকর্ডটা নিয়ে এখন আমি কিছু ভাবছি না। তবে বিশ্বের অন্যতম সেরা লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়াটা দারুণ হবে। আসার সময় হলে এটা আসবে।”
২০০৪ সালে বার্সেলোনায় অভিষেক হওয়া মেসি এই মৌসুমে লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয়টি গোল করেছেন।
লা লিগার সর্বোচ্চ গোলদাতা তেলমো সাররার সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে এখন আর মাত্র দুটি গোল চাই তার। লিগে বার্সেলোনার পরের ম্যাচ আগামী ১৮ অক্টোবর নবাগত এইবারের বিপক্ষে। তাই অনন্য রেকর্ডটি তিনি ছুঁতে পারেন বা এর আরো কাছে যেতে পারেন আগামী ম্যাচেই। আর এর পরেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে 'ক্লাসিকো'তে মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচ জয়ে গোলের রেকর্ড করতে পারলে তো সোনায় সোহাগা।
