কাতার বিশ্বকাপ নিয়ে ফের দুর্নীতির অভিযোগ
কাতারকে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক করার 'বিতর্কিত' সিদ্ধান্ত নিয়ে ফিফার বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে।
ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস -এর হাতে ফিফার কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অসংখ্য গোপন ইমেইল, চিঠি ও ব্যাংক লেনদেনের নথিপত্র এসেছে। তা থেকে প্রমাণ পাওয়া গেছে, ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক হওয়ার লড়াইয়ে জিততে প্রায় ৫০ লাখ ডলার খরচ করেছিলেন কাতারের সাবেক ফুটবল কর্মকর্তা বিন হাম্মাম।
কাতারের আয়োজক কর্তৃপক্ষ ও ফিফার সাবেক সহ-সভাপতি বিন হাম্মাম সবসময়ই বিশ্বকাপ আয়োজনে তদবির চালানোর অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা।
ভোটের লড়াইয়ে আফ্রিকার ফুটবল কর্মকর্তাদের সমর্থন পেতে বিন হাম্মাম কিভাবে তাদের টাকা দিয়েছেন তারও প্রমাণ রয়েছে ওইসব নথিপত্রে।
তবে কোনো ধরণের অন্যায় করার কথা অস্বীকার করেছে কাতার। তারা বলছে, বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রক্রিয়ায় বিন হাম্মামের কোনো অনুষ্ঠানিক ভূমিকা ছিল না।
সানডে টাইমসের অভিযোগের জবাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন হাম্মামের ছেলে হামাদ আল আব্দুল্লাহ।
যদিও লেনদেনের সঙ্গে জড়িত অধিকাংশ কর্মকর্তারও ভোটাধিকার ছিল না, সানডে টাইমসের দাবি, কাতারের পক্ষে সমর্থন তৈরি করতে এটা ছিল বিন হাম্মামের কৌশল।
ফিফার নির্বাহী পর্ষদে থাকা চার জন আফ্রিকার সদস্য ভোটে অংশ নেন। কাতার সেই সদস্যদের প্রভাবিত করারই চেষ্টা করে।
