২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর মাঠ নিয়ে বাফুফের সন্তোষ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে কর্মকর্তারাদের দাবি, ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম অবশেষে খেলার উপযুক্ত হয়েছে। তবে এখনই এই স্টেডিয়ামে খেলা রাখছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের আগে বাফুফের প্রতিনিধিদের আরেকটি পরিদর্শনের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার পেশাদার লিগ কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “কয়েকদিন আগে আমাদের প্রতিনিধিরা এই স্টেডিয়াম পরিদর্শন করে দেখেছে মাঠ মোটামুটি খেলার উপযুক্ত। আমরা আশাবাদী তৃতীয় পর্ব থেকে এই মাঠে খেলা রাখতে পারবো। অবশ্য তৃতীয় পর্বের আগে আমরা আরেকবার এই মাঠ পরিদর্শন করবো।”

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম, গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম ও ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম খেলার উপযুক্ত নয় বলে ঐ মাঠগুলোতে খেলতে আপত্তি জানায় কয়েকটি ক্লাব। তাই প্রথম পর্বের কোন ম্যাচই হয়নি এই তিনটি মাঠে। তবে সংস্কারের পর এমএ আজিজ স্টেডিয়াম ও শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের খেলা শুরু করেছে বাফুফে। তবে ফেনীর স্টেডিয়ামটি তখনও প্রস্তুত না হওয়ায় প্রথম ও দ্বিতীয় পর্বের কোনো ম্যাচই হয়নি এখানে। এদিকে প্রিমিয়ার লিগের খেলা বিকেল সাড়ে ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে লিগ কমিটির এই সভায়।