২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের হার, নাপোলির বড় জয়

ইউরোপা লিগে খেলার শেষ সুযোগটাও যেন হাতছাড়া হতে চলেছে এসি মিলানের। রোববার ইতালির সেরি আতে আতালান্তার কাছে ২-১ গোলে হেরেছে তারা। অপর ম্যাচে সাম্পদোরিয়াকে ৫-২ গোলে হারিয়েছে নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 11:39 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

ইতালির সেরি আতে রোমাঞ্চ তেমন কিছু আর বাকি নেই। শুধু ইউরোপা লিগের বাছাই পর্বের জন্য একটি জায়গা আছে। এর জন্য লড়াই করছে তোরিনো, পার্মা, এসি মিলান ও ভেরোনা।

ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করা দলটিই ইউরোপা লিগের তৃতীয় বাছাই পর্বে খেলবে।

পার্মার সঙ্গে রোববার ১-১ গোলে ড্র করে ৩৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তোরিনো। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পার্মা। মিলান ও ভেরোনার পয়েন্ট সমান, ৫৪।

প্রথমে এগিয়ে যাওয়ার পরও আতালান্তার বিপক্ষে না হারলে কাজটা অনেক সহজ হয়ে যেত মিলানের।

সেরি আ শেষ হতে আর একটি রাউন্ড বাকি আছে। এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে জুভেন্টাস। রোমা জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। নাপোলি নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ।

আর ইউরোপা লিগের গ্রুপ পর্ব ও প্লে-অফ নিশ্চিত করেছে ফিওরেন্তিনা ও ইন্টার মিলান।