২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজিত আতলেতিকোর সঙ্গী জেনিত

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে অপরাজিতই থাকলো স্পেনের আতলেতিকো মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে তারা জিতেছে ২-০ গোলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 08:50 AM

Updated : 23 Aug 2022, 07:28 PM

অপর ম্যাচে অস্ট্রিয়া ভিয়েনের মাঠে ৪-১ গোলে হেরে গেলেও পরবর্তী রাউন্ডে উঠেছে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ।

৬ ম্যাচ থেকে পাঁচ জয় ও একটিতে ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে সবার উপরে আছে আতলেতিকো। দ্বিতীয় স্থানে থেকে আতলেতিকোর সঙ্গী হওয়া জেনিতের পয়েন্ট ৬। পোর্তো ও ভিয়েনের পয়েন্ট সমান পাঁচ হলেও মুখোমুখি লড়াইয়ের পয়েন্ট এগিয়ে থাকায় ইউরোপা লিগে খেলবে পোর্তো।

ঘরের মাঠে আতলেতিকোর দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১৪ মিনিটে প্রথম গোলটি করেন মিডফিল্ডার রাউল গার্সিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডার এমিলিয়ানো ইনসুয়ার পাস থেকে গোলটি করেন তিনি।

২৮ মিনিটে পেনাল্টি পায় পর্তুগালের দল পোর্তো। কিন্তু দলকে ম্যাচে ফেরাতে ব্যর্থ হন মিডফিল্ডার জোসুয়া। তার শটটি ঠেকিয়ে দেন এই ম্যাচেই অভিষেক হওয়া স্পেনের গোলরক্ষক দানি আরানজুবিয়া।

৩৭ মিনিটে ব্যবধান বাড়ান দিয়েগো কস্তা। মিডফিল্ডার অলিভার তরেসের পাস থেকে কোণাকুণি শটে লক্ষভেদ করেন স্পেনের নাগরিকত্ব নেয়া ব্রাজিলের এই স্ট্রাইকার।