২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ট্র্যাফোর্ডে আবার হারলো ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলে টানা দুটি ড্রয়ের পর এবার হেরেই গেল ম্যানচেস্টার ইউনাইটেড, তাও আবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 01:33 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

ওজিলের নৈপুণ্যে আর্সেনালের জয়
অনন্য সুয়ারেসে লিভারপুলের জয়

বুধবার কোচ ডেভিড ময়েসের আগের দল এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আগের দুই ম্যাচে নবাগত কার্ডিফ সিটি ও টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল ইপিএলের সফলতম দলটি।

গত ২৮ সেপ্টেম্বর ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের কাছে ঘরের মাঠে এ মৌসুমে প্রথমবার হারের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টারের দলটি।

ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিক ম্যান ইউকে চমকে দেয়ার পুরো কৃতিত্ব রোমেলু লুকাকু ও ব্রায়ান ওভাইদো জুটির। গোলশূন্য প্রথমাধের পর দ্বিতীয়ার্ধেরও ৪০ মিনিটও গোলের দেখা পায়নি দু’দলের কেউই। দু’পক্ষের আক্রমণভাগের ব্যর্থতায় আরেকটি ড্রয়ের শঙ্কাই উঁকি দিচ্ছিল ম্যান ইউ সমর্থকদের মনে। তবে শেষে প্রিয় দলের হার দেখেই স্টেডিয়াম ছাড়তে হয় তাদের।

Image
নিজের হারের হতাশায় ম্যান ইউর ফুটবলাররা।

নিজের হারের হতাশায় ম্যান ইউর ফুটবলাররা।

Image
হতাশ ওয়েইন রুনি।

হতাশ ওয়েইন রুনি।

দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকুর দুর্দান্ত পাস থেকে লক্ষ্যভেদ করেন কোস্টারিকার মিডফিল্ডার ওভাইদো।

ম্যাচের ফল অবশ্য অন্যরকমও হতে পারতো। ২৯ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা, কিন্তু স্ট্রাইকার ওয়েন রুনির শট বারে লাগে।

স্বাগতিকদের হয়ে ব্যর্থতার গণ্ডি থেকে বেরোতে পারেননি ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরা ও ফরোয়ার্ড ড্যানি ওয়েলব্যাকও।

এভারটনের জন্য এই জয়টা অবশ্য বিশেষ এক উপলক্ষ, ২১ বছর পর যে তারা ওল্ড ট্রাফোর্ডে জয়োল্লাস করলো।

ম্যান ইউয়ের কোচ ডেভিড ময়েসের অনুভূতিটা ঠিক ততোটাই উল্টো। গত মৌসুমেও এভারটনের ডাগআউটের নেতৃত্বে ছিলেন এই স্কটিশ। এ মৌসুমের শুরুতে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যান ইউয়ের দায়িত্ব নেয়ার পর এই প্রথম সাবেক দলটির মুখোমুখি হয়েছিলেন তিনি। তিনি কোচ থাকা অবস্থায় যা পারেননি, তাই করে দেখালো সাবেক শিষ্যরা।

১৪ ম্যাচে ম্যান ইউয়ের এটি চতুর্থ হার, সমান সংখ্যক ড্র ও ছয়টি জয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে আছে তারা। সমান খেলায় ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে এভারটন। ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্সেনাল।

রাতের অন্য ম্যাচে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের দুর্দান্ত চার গোলের সুবাদে নরউইচ সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।