২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্য সুয়ারেসে লিভারপুলের জয়

নরউইচ সিটির বিপক্ষে অন্য গ্রহের এক ফুটবল খেললেন লুইস সুয়ারেস। উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারের এক হালি গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫-১ গোলে জয় পেয়েছে লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 11:50 AM

Updated : 13 Oct 2022, 03:06 PM

শুধু কি চারটি গোল, মৌসুমের সেরা গোলের প্রতিযোগিতায় একেকটি যেন ছাড়িয়ে যাবে আরেকটিকে।

Image
লব করে সুয়ারেসের প্রথম গোল।

লব করে সুয়ারেসের প্রথম গোল।

Image
প্রায় ৪০ গজ দূর থেকে লব করে সুয়ারেসের প্রথম গোল।

প্রায় ৪০ গজ দূর থেকে লব করে সুয়ারেসের প্রথম গোল।

বুধবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ১৫ মিনিটে দল ও নিজের গোলের খাতা খোলেন সুয়ারেস। ৪০ গজ দূর থেকে লব করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দর্শকদের উচ্ছ্বাসে মাতান মেজাজি এই স্ট্রাইকার। আর এর পরের ২০ মিনিটের মধ্যেই ম্যাচের ফল লিখে ফেলেন তিনি।
Image
কর্নার থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় জালে ঠেলে দেন সুয়ারেস।

কর্নার থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় জালে ঠেলে দেন সুয়ারেস।

আক্রমণভাগের সঙ্গী ড্যানিয়েল স্টারিজ চোট পেয়ে মাঠের বাইরে থাকায় সব দায়িত্ব নিজের চওড়া কাঁধে যেন তুলে নিয়েছিলেন সুয়ারেস।

২৮ মিনিটে কর্নার থেকে করেন দ্বিতীয় গোলটি। বলটা তিনি পেয়েছিলেন একেবারে গোলের সামনেই, অসাধারণ দক্ষতায় পা ওপরে উঠিয়ে বলটিকে জালে ঠেলে দেন তিনি।

ছয় মিনিট বাদেই হ্যাটট্রিক পূর্ণ করেন আরেকটি অসাধারণ গোলে। প্রতিপক্ষে অর্ধের মাঝামাঝি জায়গায় বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে কোণাকুণি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

Image
কোণাকুণি শটে গোলরক্ষককে পরাস্ত করে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেস।

কোণাকুণি শটে গোলরক্ষককে পরাস্ত করে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেস।

Image
হ্যাটট্রিক করার পর ছুটছেন লুইস সুয়ারেস। বিধ্বস্ত প্রতিপক্ষের গোলরক্ষক।

হ্যাটট্রিক করার পর ছুটছেন লুইস সুয়ারেস। বিধ্বস্ত প্রতিপক্ষের গোলরক্ষক।

চতুর্থ গোলটি আর যেন-তেন ভাবে কেন করবেন পুরো মৌসুম ধরেই দারুণ ছন্দে থাকা সুয়ারেস। ম্যাচের ৭৩ মিনিটে কাছের পোস্ট লক্ষ্য করে তার বাঁকানো ফ্রি-কিক গোলরক্ষক ফেরানোর কোনো সুযোগই পাননি।
Image
বাঁকানো ফ্রি-কিকে সুয়ারেসের চতুর্থ গোল।

বাঁকানো ফ্রি-কিকে সুয়ারেসের চতুর্থ গোল।

নরউইচের ব্র্যাডলি জনসনের সান্ত্বনার গোল আর লিভারপুলের রাহিম স্টারলিংয়ের পঞ্চম গোলটি ম্যাচে কেবল গোলের হিসেব রাখার জন্যই, ম্যাচটি আসলেই একা সুয়ারেসেরই। তাই কোচ ব্রেন্ডান রজার্স যখন ম্যাচের শেষ দিকে সুয়ারেসকে উঠিয়ে নিচ্ছিলেন, তখন স্টেডিয়ামভর্তি দর্শক দাঁড়িয়ে সম্মান জানান তাকে। শেষ বাঁশি বাজার পর মাঠে ফেরত আসার পর আবার পান একই সম্মান, সেই সঙ্গে স্মরণীয় এই ম্যাচের বলটিও।

আর নরউইচ প্রশ্ন করতেই পারে, তাদের উপর কিসের এত 'রাগ' সুয়ারেসের। দলটির বিপক্ষে শেষে ৪ ম্যাচে ১১টি গোল করেছেন এই স্ট্রাইকার।

Image
ম্যাচ শেষে ম্যাচ বলটি সুয়ারেসের হাতেই মানায়।

ম্যাচ শেষে ম্যাচ বলটি সুয়ারেসের হাতেই মানায়।

লুইস সুয়ারেসের এই নৈপুণ্যে সেরা চারে থাকলো লিভারপুল। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও ভালোভাবে টিকে রইলো দলটির। নিজেকে ইউরোপ সেরার মঞ্চে চেনাতে দলের কাছে এই একটিই দাবি রেখেছিলেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।