২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদ-মামুনদের ‘দোষ’ স্বীকার

দলবদলের আগে দুই ক্লাবের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন পাঁচ ফুটবলার। তারা হলেন জাহিদ হোসেন, মামুন মিয়া, শাকিল আহমেদ, নাহিদুল ইসলাম ও শরীফুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 09:15 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্লেয়ার স্ট্যাটাস কমিটির সঙ্গে কথা বলেছেন তারা।

জাহিদ, মামুন, শাকিল ও নাহিদুল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছ থেকে টাকা নেয়ার পর শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছ থেকেও টাকা নেন। শরিফুলও প্রথমে নেন মোহামেডানের কাছ থেকে। পরে আবাহনী লিমিটেডের কাছ থেকে টাকা নেন তিনি।

বাফুফের আইন অনুযায়ী দুই ক্লাবের কাছ থেকে টাকা নেয়া শাস্তিযোগ্য অপরাধ।

জাহিদ বলেন, “এটা সত্যি যে প্রথমে আমি মোহামেডানের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। কিন্তু মোহামেডানের কর্মকর্তারা বাকি টাকা দিতে গড়িমসি করায় আমি শেখ রাসেলে যোগ দেয়ার সিদ্ধান্ত নেই। আমি এখন মোহামেডানের টাকা ফেরত দিতে প্রস্তুত।”

তবে জাহিদের এই ‘অভিযোগ’ অস্বীকার করেছেন মোহামেডানের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, “আমরা খেলোয়াড়দের পুরো টাকা দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা কিছু টাকা নেয়ার পর বাকি টাকা নিতে আসেনি। পরে আমরা জেনেছি তারা অন্য ক্লাবে যোগ দিয়েছে।” পাঁচ ফুটবলার ও মোহামেডানের কর্মকর্তাদের পর প্লেয়ার স্ট্যাটাস কমিটির সদস্যরা আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন।