গালাতাসারাইয়ের দায়িত্ব নিলেন মানচিনি
ম্যানচেস্টার সিটির সাবেক কোচ রবের্তো মানচিনি গালাতাসারাইয়ের দায়িত্ব নিয়েছেন। ইতালির এই কোচের সঙ্গে সোমবার তিন বছরের চুক্তি করেছে তুরস্কের এই ক্লাবটি।
সম্প্রতি ফাতিহ তেরিমের সঙ্গে গালাতাসারাইয়ের সম্পর্ক চুকে যাওয়ার পর থেকেই মানচিনিকে কোচ হিসেবে তুর্ক টেলিকম অ্যারেনার আনার কথা শোনা যাচ্ছিল।
নতুন দায়িত্ব নেয়ার দুই দিনের মাথাতেই অভিষেক হতে যাচ্ছে মানিচিনির। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের বুধবার তার নিজের দেশ ইতালির ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে গালাতাসারাই।
চুক্তি সইয়ের পর উয়েফা ডটকমকে মানচিনি বলেন, "আমি গালাতাসারাইয়ের মতো বড় একটি ক্লাবে আসতে পেরে খুব খুশি। গালাতাসারাই ও জুভেন্টাসের মধ্যে ম্যাচটি আমার জন্য সুখকর একটি ঘটনা হবে।"
গালাতাসারাই জানায়, মানচিনিকে এ মৌসুমের জন্য দেয়া হবে ৩৫ লাখ ইউরো। বাকি দুই মৌসুমের জন্য তিনি ৪৫ লাখ ইউরো করে পাবেন।
এফএ কাপের ফাইনালে উইগান অ্যাথলেটিকের কাছে ম্যান সিটি হেরে যাওয়ার পর গত মে মাসে বরখাস্ত হন মানচিনি।
ম্যান সিটিতে সাড়ে তিন বছর ছিলেন মানচিনি। এ সময় দলটির ৩৫ বছরের শিরোপা খরা কাটিয়ে তিনি এনে দেন ২০১১ সালে এফএ কাপ ও ২০১২ সালে প্রিমিয়ার লিগের ট্রফি।
৪৮ বছর বয়সী এই কোচ এর আগে নেতৃত্ব দিয়েছেন ইন্টার মিলান, লাৎসিও ও ফিওরেন্তিনাকে। এবার তাকে টেনে তুলতে হবে বিপর্যয়ে পড়া গালাতাসারইকে। ১৯ বারের চ্যাম্পিয়ন গালাতাসারাই লিগের প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র সাত পয়েন্ট পেয়েছে। ১৮ দলের লিগে এখন তারা আছে ১০ নম্বর স্থানে।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের 'বি' গ্রুপের প্রথম ম্যাচে নিজেদের মাটিতে রিয়াল মাদ্রিদের কাছে ৬-১ গোলে শোচনীয়ভাবে হারে তারা।
সাবেক কোচ ৬০ বছর বয়স্ক ফাতিহ তেরিম সম্প্রতি গালাতাসারাইয়ের পাশাপাশি তুরস্কের জাতীয় দলের দায়িত্ব নেন। ক্লাবে এটা ছিল তার তৃতীয় মেয়াদ, যাতে ভালো ফল এনে দিতে পারেননি তিনি। জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর ক্লাবের দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তেরিম। এর ফলে পরিচালনা পর্ষদ তার সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা দেয়।
রবের্তো মানচিনি এ নিয়ে দ্বিতীয় বারের তেরিমের উত্তরসূরী হিসেবে কোনো ক্লাবের দায়িত্ব নিলেন। এর আগে ২০১১ সালে ফিওরেন্তিনায় তেরিমের পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
