ম্যান সিটির কাছে বিধ্বস্ত ইউনাইটেড
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে বিধ্বস্ত হয়েছে ডেভিড ময়েসের দল। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় রোববার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে হেরে গেছে ম্যান ইউ।
ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। ম্যানুয়েল পেল্লেগ্রিনির দলের জয়ে সবচেয়ে বড় অবদান স্যার্হিও অ্যাগুয়েরোর। দুই অর্ধে দুটি গোল করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
মৌসুমে প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ভক্তদের হতাশ করেছেন ম্যান ইউর খেলোয়াড়রা। চোটের কারণে রবিন ফন পার্সির অনুপস্থিতিতে তাদের আক্রমণভাগ ছিল নখদন্তহীন।
শুরুতেই অতিথিদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে ম্যান সিটি। একের পর এক আক্রমণ থেকে সাফল্য পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। আলেক্সান্দার কোলারভের ক্রস থেকে অ্যাগুয়েরোর বাঁ পায়ের দুর্দান্ত ভলি এগিয়ে নেয় ম্যান সিটিকে।
পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণে যায় ম্যান ইউ। তবে এগিয়ে গিয়েও স্বাগতিকরা রক্ষণাত্মক না খেলায় খুব একটা সুবিধা করতে পারেনি ডেভিড ময়েসের শিষ্যরা। প্রথমার্থের অতিরিক্ত সময়ে স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর হেড দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে পৌঁছায় মিডফিল্ডার ইয়াইয়া তোরের কাছে। আলতো টোকায় তার লক্ষ্যভেদ ব্যবধান বাড়ায়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় অ্যাগুয়েরোর দ্বিতীয় গোল অতিথিদের খেলায় ফেরার ভীষণ দুরূহ করে তুলে। স্পেনের স্ট্রাইকার নেগ্রেদোর আরেকটি অসাধারণ পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করতে কোনো সমস্যাই হয়নি পুরোপুরি অরক্ষিত থাকা অ্যাগুয়েরোর।
তিন মিনিট পর ফল নিয়ে আর কোনো অনিশ্চয়তাই রাখেননি সামির নাসরি। নাভাসের ক্রস থেকে গোল করেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা এই ফরাসি খেলোয়াড়।
চার গোলে পিছিয়ে পড়ার ব্যবধান কমাতে মরিয়া হয়ে উঠে অতিথিরা। চার মিনিট পর সুযোগও এসেছিল। কিন্তু মাত্র আট গজ দূর থেকে বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন রুনি। ৮০ মিনিটে তার ফ্রিকিক থেকে প্যাট্রিস এভরার হেড বারে লেগে ফিরলে নষ্ট হয় আরেকটি সুযোগ।
অবশেষে ৮৬ মিনিটে রুনির অসাধারণ এক ফ্রি-কিক থেকে শেষ পর্যন্ত সান্তনাসূচক গোলটি পায় ম্যান ইউ।
