ইপিএলে লিভারপুলের প্রথম হার
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম হারের স্বাদ পেয়েছে লিভারপুল। শনিবার ঘরের মাঠে সাউথ্যাম্পটনের কাছে ১-০ গোলে হেরে গেছে ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় দলটি।
টানা তিন ম্যাচ জিতে দুর্দান্তভাবে লিগ শুরু করার পর গত সপ্তাহে সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ‘অল রেড’ নামে পরিচিত লিভারপুল।
অ্যানফিল্ডে অতিথি সাউথ্যাম্পটনের জয়ের নায়ক ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেজান লোভরেন। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে অধিনায়ক অ্যাডাম লালানার পাস থেকে দলের তিন পয়েন্ট নিশ্চিত করা গোলটি করেন তিনি।
বাকি সময়ে গোল শোধ করার বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিক লিভারপুল।
লিভারপুল হেরে গেলেও জয় পেয়েছে এভারটন, অ্যাস্টন ভিলা, ওয়েস্ট ব্রমউইচ ও নবাগত হাল সিটি।
ওয়েস্টহ্যামের মাঠে দু-দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় পেয়েছে এভারটন। নিউক্যাসলের মাঠে একই ব্যবধানে জিতেছে হাল সিটি।
ওয়েস্ট ব্রমউইচ ৩-০ গোলে সান্ডারল্যান্ডকে এবং অ্যাস্টন ভিলা ১-০ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে।
