২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টনির নৈপুণ্যে মিলান পরাস্ত

ইতালির সেরি-আ’র উদ্বোধনী ম্যাচেই বিরাট অঘটন। নবাগত হেল্লাস ভেরোনার কাছে ২-১ গোলে হেরে গেছে এসি মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 01:32 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

তবে শুভসূচনা করেছে গত দুই বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। নবাগত কার্লোস তেভেজের লক্ষ্যভেদে তারা ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে সাম্পদোরিয়ার মাঠ থেকে। সেরি-আ’য় এটাই ছিল আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের অভিষেক ম্যাচ।

এই ম্যাচের ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন সাম্পদোরিয়ার ডিফেন্ডার পাওলো কাস্তেলিনি।

ঘরের মাঠে হেল্লাস ভেরোনার জয়ের নায়ক লুকা টনি। স্বাগতিকদের দুটো গোলই সেরি-আ’র ২০০৫-০৬ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার। হেল্লাসের জার্সি গায়ে এটাই ছিল ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকারের অভিষেক ম্যাচ। সমর্থকদের হতাশ করলেও ১৪ মিনিটে অভিষিক্ত মিডফিল্ডার আন্দ্রিয়া পলির গোলে এগিয়ে যায় ১৮ বারের লিগ চ্যাম্পিয়ন মিলান। মারিও বালোতেল্লির চমৎকার পাস ধরে, দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন পলি। তবে ২৯ ও ৫৩ মিনিটে টনির দুটো নিখুঁত হেড দারুণ এক জয় এনে দেয় হেল্লাসকে। ২০০৮ সালে জার্মান বুন্দেসলিগা ও উয়েফা কাপের (এখন যে টুর্নামেন্টের নাম ইউরোপা লিগ) সর্বোচ্চ গোলদাতার প্রথম গোলটির উৎস কর্নার। টনির দ্বিতীয় ও জয়সূচক গোলটির জন্ম সার্বিয়ান মিডফিল্ডার বস্কো ইয়াঙ্কোভিচের দুর্দান্ত এক ক্রস থেকে। সেরি-আ’য় এটা তার ১১০তম গোল।