২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকো মাদ্রিদে যাচ্ছেন ভিয়া

বার্সেলোনা থেকে আতলেতিকো মাদ্রিদে যাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ডেভিড ভিয়া। কাতালান দলটি এ নিয়ে আতলেতিকোর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 07:45 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মাত্র ৫১ লাখ ইউরোতে আতলেতিকো পাচ্ছে ভিয়াকে। এর মধ্যে আবার ৩০ লাখ ইউরো পরে পাবে বার্সেলোনা যদি ভিয়া ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুম আতলেতিকোতে খেলেন ভিয়া। এছাড়া ভিয়াকে অন্য কোথাও বিক্রি করে দেয়া হলে বিক্রয়মূল্যের ৫০ শতাংশ পাবে বার্সেলোনা।

ইংলিশ ক্লাব টটেনহ্যামও আগ্রহ দেখিয়েছিল ভিয়াকে পেতে। কিন্তু তারকা স্ট্রাইকার ফ্যালকাওকে ছেড়ে দেবার পর শূন্যস্থান পূরণে ৩১ বছর বয়স্ক ভিয়াকে বেশি প্রয়োজন ছিল আতলেতিকোরই। ভিয়াও সায় দেন এ প্রস্তাবে।

ক্লাব দলে সম্প্রতি ফর্ম তেমন একটা ভালো যাচ্ছিল না ভিয়ার। এর মধ্যে আবার বার্সেলোনা চুক্তিবদ্ধ করেছে ব্রাজিল তারকা নেইমারকে। ভিয়াকে তাই প্রয়োজন মনে করেনি লা লিগা চ্যাম্পিয়নরা।

২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে বার্সায় যোগ দেয়া ভিয়া দলের হয়ে ১১৯ ম্যাচে গোল করেছন ৪৮টি।