২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের প্রতীক্ষায় মেসি

লিওনেল মেসি জানিয়েছেন, বার্সেলোনায় নবাগত নেইমারের সঙ্গে জুটি বাঁধার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার অনন্য কীর্তি গড়া মেসির প্রত্যাশা, ব্রাজিলের মতো বার্সাতেও দুর্দান্ত ছন্দের নেইমারকে দেখা যাবে। ব্রাজিলের কনফেডারেশন্স কাপের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান ২১ বছর বয়সী ফরোয়ার্ডের।

সান্তোস থেকে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ নেইমারের প্রশংসা করে মেসি বলেন, “নেইমার সত্যি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমার কোনো সন্দেহ নেই সে (বার্সেলোনার জন্য) অনেক অবদান রাখবে। আশা করি ব্রাজিলের হয়ে বর্তমান ছন্দ সে নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে ধরে রাখতে পারবে।”

আগামী মৌসুমে সবগুলো শিরোপা জয়ের প্রত্যাশা মেসির। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জন্য তা সহজ হবে না বলে মনে করেন তিনি।

আর্জেন্টাইন তারকা বলেন, “এবারো বার্সেলোনার লক্ষ্য থাকবে সবগুলো ট্রফির জন্য লড়াই করা। যদিও একটা দুর্দান্ত দলের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। আমাদের জন্য কাজটা সহজ হবে না। কারণ (রিয়াল) মাদ্রিদে বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় আছে।”

“আগেও তাদের একজন ভালো কোচ (জোসে মরিনিয়ো) ছিল। এখন তারা আরেকজন অসাধারণ কোচকে (কার্লো আনচেলত্তি) পেয়েছে।”

গত মৌসুমে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখের এবার কোচের দায়িত্ব নিয়েছেন পেপ গার্দিওলা। বার্সার সাবেক কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি বলেন, “পেপ (গার্দিওলা) আসার আগেই বায়ার্ন অসাধারণ দল ছিল। গত মৌসুমে তারা সব শিরোপা জিতেছে। তাদের দলে বেশ কয়েক জন দারুণ খেলোয়াড়ও আছে। গার্দিওলার আগমন তাদের আরো শক্তিশালী করে তুলবে।”