২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের অনেক প্রতীক্ষার জয়

ফ্রান্সের বিপক্ষে জয়ের স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল ব্রাজিল। রোববার রাতে প্রায় ২১ বছর পর সেই মধুর স্বাদ পেলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ পোর্তো আলেগ্রেতে ব্রাজিলিয়ানদের জয় ৩-০ গোলে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jun 2013, 06:05 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

ফ্রান্সের বিপক্ষে জয়ের স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল ব্রাজিল। রোববার রাতে প্রায় ২১ বছর পর সেই মধুর স্বাদ পেলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ পোর্তো আলেগ্রেতে ব্রাজিলিয়ানদের জয় ৩-০ গোলে। ঠিক যে ব্যবধানে ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে পরাস্ত হয়েছিল তারা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কনফেডারেশন্স কাপ ও ২০১৪ বিশ্বকাপ আয়োজকদের তিন গোলদাতা অস্কার, হার্নানেস ও লুকাস।

গত নভেম্বরে দ্বিতীয় বারের মতো দায়িত্ব নেয়ার পর ২০০২ বিশ্বকাপজয়ী কোচ লুই ফেলিপে স্কলারির অধীনে সপ্তম ম্যাচে ব্রাজিলের এটা মাত্র দ্বিতীয় জয়।

কনফেডারেশন্স কাপ শুরু হওয়ার মাত্র ছয় দিন আগের এই জয় তোপের মুখে থাকা স্কলারিকে স্বস্তি দিলেও ব্রাজিলের পারফরম্যান্সে তেমন ঔজ্জ্বল্য ছিল না। অন্তত প্রথমার্ধে তো নয়-ই। প্রথম ৪৫ মিনিট দু দলেরই এলেমেলো ফুটবল প্রায় ৫১ হাজার দর্শককে বিরক্তি ছাড়া আর কিছু দিতে পারেনি।

ম্যাচের বেশির ভাগ সময় হাফ লাইন বরাবর দুজন ডিফেন্ডার ও দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে রেখেছে ব্রাজিল। এমনকি আক্রমণে ওঠার সময়ও। তাদের বেশির ভাগ সুযোগের জন্ম ক্রস থেকে। যেগুলো বিপদমুক্ত করতে তেমন সমস্যা হয়নি ফরাসী ডিফেন্ডারদের।

তবে ৫৪ মিনিটে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্রেডের নিচু ক্রস বক্সের মাঝামাঝি অস্কারকে খুঁজে পেলে দারুণ দক্ষতায় বল জালে পাঠিয়ে দেন চেলসির মিডফিল্ডার। চার ম্যাচ পর ফ্রান্সের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম গোল। কিছুক্ষণ পর সমতা ফেরানোর সুযোগ এসেছিল অতিথিদের সামনে। অবশ্য তা নিজেদের কৃতিত্বে নয়, প্রতিপক্ষের ভুলে। ম্যাথিউ ভালবুয়েনার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দিচ্ছিলেন ডেভিড লুইজ। গোলরক্ষক জুলিও সিজারের অসাধারণ সেভ সে যাত্রা রক্ষা করে স্বাগতিকদের। পুরো ম্যাচে ফ্রান্সের বলার মতো সুযোগ অবশ্য এই একটিই। ৬৫ মিনিটে অস্কারকে তুলে নিলে দর্শকদের দুয়ো শুনতে হয় স্কলারিকে। ৮৫ মিনিটে ব্যবধান ২-০ করেন হার্নানেস। পুরো ম্যাচে অনুজ্জ্বল নেইমারের পাস ধরে, বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। বাড়তি সময়ে মার্সেলোকে ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টির সদ্ব্যবহার করেন অস্কারের বদলে নামা লুকাস। ১৯৯২ সালের অগাস্টের পর ফ্রান্সকে প্রথম হারালেও তার দলের খেলায় যে ব্রাজিলিয়ান-সৌন্দর‌্য অনুপস্থিত ছিল, তা বুঝতে সমস্যা হয়নি স্কলারির। খেলা শেষে কিছুটা কৈফিয়তের সুরে ব্রাজিলের কোচ বলেন, “আমাদের দলটা এখনো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বিজয়ী হওয়ার মতো লড়াকু দল গড়তে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”