ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক দিদিয়ের দেসচ্যাম্পসই ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন কোচ হতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
রোববার ‘এল’একুইপি স্পোর্টস ডেইলি’ এবং ‘ফ্রেঞ্চ রেডিও’ জানিয়েছে, দেসচ্যাম্পসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এছাড়া ফ্রান্স যদি ২০১৪ বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে পারে তবে চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়তে পারে।
সাবেক কোচ লরাঁ ব্লাঁর পদত্যাগের পর থেকেই দেসচ্যাম্পস ও এফএফএফের মধ্যে আলোচনা শুরু হয়।
গত সোমবার দেশটির ক্লাব দল অলিম্পিক মার্শেই এর কোচের পদ থেকে দেসচ্যাম্পসের পদত্যাগের পর তার জাতীয় দলের দায়িত্ব নেয়ার বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যায়।
একদিন পরই এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েত এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন ৪৩ বছর বয়সী দেসচ্যাম্পসই তার প্রথম পছন্দ।
দেসচ্যাম্পস অধিনায়ক হিসেবে ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ ও ইউরো ২০০০ এর চ্যাম্পিয়ন করেছিলেন।
শেষ পর্যন্ত দেসচ্যাম্পসের হাতেই যদি জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়া হয় তবে ১৫ অগাস্ট প্রথম ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।
৭ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫৬ ঘ.
bdnews24