ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগনিয়েস্কা রাদওয়ান্সকাকে ৬-১, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে উইম্বলডনের মেয়েদের এককের চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা উইলিয়ামস। উইম্বলডনে এটি তার পঞ্চম শিরোপা। সব মিলিয়ে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।
মার্টিনা নাভ্রাতিলোভার পর উইম্বলডনের মহিলা এককে ৩০ বছর বয়সী সেরেনাই দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় যিনি উইম্বলডন জিতলেন। ১৯৯০ সালে ৩৩ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন নাভ্রাতিলোভা।
শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যার কারণে কয়েক দিন ধরে অসুস্থ পোল্যান্ডের রাদওয়ান্সকা। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন না তিনি।
শনিবারের ফাইনালে প্রথম সেট ৩৬ মিনিটে জিতে নেন সেরেনা। দ্বিতীয় সেটের শুরুতে বৃষ্টির কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ ছিলো। এই সেটেও শুরুতে এগিয়ে ছিলেন সেরেনাই।
হঠাৎ করেই যেন নিজেকে ফিরে পান প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামা রাদওয়ান্সকা। দ্বিতীয় সেটে ৪-৪ গেমে সমতা ফেরান। এক সময় ৬-৫ গেমে এগিয়েও যান এবং দ্বিতীয় সেট ৭-৫ এ জিতে নেন।
তৃতীয় সেটের আগে সেন্টার কোর্টের আকাশ আবারো কালো মেঘে ঢেকে যায়। ১-২ গেমে এগিয়ে থেকে ইতিহাস গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন রাদওয়ান্সকা। কিন্তু পরের ৫টি গেম টানা জিতে নিয়ে শেষ হাসি হাসেন সেরেনাই।
২০১০ সালে এই উইম্বলডন জয়ের পরই একটি রেস্টুরেন্টে কাঁচে লেগে পা কেটে গিয়েছিলো সেরেনার। যে কারণে কয়েক দফা অস্ত্রোপচারের মুখোমুখি পর্যন্ত হতে হয়েছিলো তাকে। প্রায় শেষ হয়ে যেতে বসেছিলো তার ক্যারিয়ার।
ম্যাচ শেষে সেরেনা বলেন, “আমার পক্ষে এটা বর্ণনা করারও সম্ভব নয়। কয়েক বছর আগে আমি এটা চিন্তাও করতে পারিনি। আমি হাসপাতালে ছিলাম। কিন্তু এখন আমি আবারো এখানে এবং আমি খুবই খুশি।”
ফাইনালে হেরে গেলেও ভিক্টোরিয়া আজারেঙ্কাকে সরিয়ে রাদওয়ান্সকার র্যাংকিংয়ের দুই নম্বরে উঠে যাওয়া নিশ্চিত হয়ে গেছে।
তিনি বলেন, “আমার মনে হয় আমার জীবনের সেরা দুইটি সপ্তাহ আমি কাটিয়েছি। আজ (শনিবার) তিনি (সেরেনা) খুবই ভালো খেলেছেন। এবং আমি এখানে ফাইনাল খেলতে পেরেই খুব খুশি। আমার মনে হয় এটা আমার দিন ছিলো না। আগামী বছর আমি আবারো চেষ্টা করবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১৩৭ ঘ.
bdnews24