ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাইনালের ফিরতি লেগে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-০ গোলে হারিয়ে প্রথম বারের মতো দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের করিন্থিয়ান্স।
করিন্থিয়ান্সের জয়ের নায়ক এমারসন। দ্বিতীয়ার্ধে দুটো গোলই এই স্ট্রাইকারের।
গত মাসে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছিলো দু দল।
সাও পাওলোতে প্রথমার্ধে দু দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় কোনো গোল হয়নি। বিরতির পর ৫৪ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসিয়ে প্রথম গোলটি করেন এমারসন।
৭২ মিনিটে এমারসনের আরেকটি সাফল্য কোপা লিবার্তাদোরেসে বোকার সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে দেয়।
এর আগে কখনো সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি করিন্থিয়ান্স। তবে প্রথম বার ফাইনালে উঠেই সাও পাওলোর দলটি শিরোপার আনন্দে বিভোর।
ম্যাচ শেষে ফাইনালের নায়ক এমারসন বলেন, “এখানে থাকতে পারা এবং এই জার্সি পড়তে পারা সত্যিই দারুণ ব্যাপার। আমরা এখন এই জয় উদযাপন করবো। আর এটা আমাদেরই প্রাপ্য।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৩ঘ.
bdnews24