২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীতে উৎসবের আমেজ

চতুর্থবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে তাই যেনো খুশির সীমা নেই। ক্লাবটিতে তাই এখন চলছে উৎসবের আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চতুর্থবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে তাই যেনো খুশির সীমা নেই। ক্লাবটিতে তাই এখন চলছে উৎসবের আমেজ। উৎসবের রংটা আরো রঙ্গীন করতে বুধবার রাতে ক্লাবে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাব পরিচালকদের উপস্থিতিতে খেলোয়াড় এবং কোচদের সংবর্ধনা দেয়া হয়। অবশ্য পেশাদার লিগের শিরোপা আবাহনীর কাছে নতুন নয়। এর আগে প্রথম তিন আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিলো। মাঝখানে একবার শুধু শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়। শিরোপা ফিরে পাওয়ার আনন্দটাই যেনো আলাদা। আবাহনী অধিনায়ক ও ঘানান ডিফেন্ডার সামাদ ইউসুফের মুখে তা প্রকাশ পেয়েছে, “আবাহনীর হয়ে এর আগেও আমি শিরোপা জিতেছি। তখন ছিলাম শুধুমাত্র একজন খেলোয়াড়। এবার অধিনায়ক হিসেবে হিসেবে জিতেছি, তাই এই আনন্দটা অন্যমাত্রা রুপ পেয়েছে আমার কাছে।” আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি আনন্দে উদ্বেলিত। তিনি বলেন, “আবাহনীর হয়ে লিগ শিরোপা জয় আমার কাছে অধরা ছিলো। এবার স্বপ্নের পূর্নতা পেয়েছে।” এদিকে বুধবার রাতেই দেশে ফিরে যান আবাহনীকে পঞ্চম পেশাদার লিগের শিরোপা এনে দেয়া আলী আকবর। আবার ফিরবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে আবাহনী ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু বলেন, “আলী আকবরের পারফরম্যান্স অবশ্যই প্রশংসা করার মতো। তবে তাকে আবার দায়িত্ব দেয়া হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।” মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ২-২ গোলে ড্র করে শিরোপার আনন্দে ভাসে দেশের অন্যতম জনপ্রিয় দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.