ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার লিগে আবাহনীর বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ৯ বারের লড়াইয়ে আবাহনী জিতেছে ৫ বার, বাকি ৪ ম্যাচ ড্র। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনীকে হারিয়েই শিরোপার আনন্দে ভেসে যেতে চায় মুক্তিযোদ্ধা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু দলের শিরোপা-লড়াই শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
মুক্তিযোদ্ধার (৪৩ পয়েন্ট) চেয়ে এক পয়েন্ট এগিয়ে াকা আবাহনী (৪৪) ড্র করলেই চর্তু বারের মতো শিরোপা ঘরে তুলবে। পেশাদার লিগের প্রথম তিন আসরে আকাশী-নীল জার্সির দলটিই চ্যাম্পিয়ন হয়েছিলো।
অন্যদিকে মুক্তিযোদ্ধার জন্য এখনও এই শিরোপা অধরা। পেশাদার লিগে তাদের সেরা সাফল্য গতবার রানার্স আপ হওয়া।
এবার তাই সাফল্য পেতে দৃঢ়প্রতিজ্ঞ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, “সাম্প্রতিক নৈপুণ্য ধরে রাখতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হবো। সেজন্য সবাই সংকল্পবদ্ধ। খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত।”
“অবশ্য ভালো ফুটবলের জন্য রেফারিংও ভালো হওয়া চাই। অনেক ম্যাচে আমরা বঞ্চিত হয়েছি বাজে রেফারিংয়ের কারণে। ১৯ ম্যাচে মাত্র একটি পেনাল্টি পাওয়াতেই তা প্রমাণিত,” যোগ করেন মানিক।
প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, “আবাহনী যথেষ্ট গোছানো দল। এই ম্যাচে যারা øায়ুর চাপ জয় করতে পারবে, জয় হবে তাদেরই।”
গত মৌসুমে সুপার কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলেও আবাহনীকে লিগ শিরোপা এনে দিতে পারেননি আলী আকবর পুরমুসলিমি। এবার তাই আবাহনীর ইরানি কোচ শিরোপা জিততে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, “আমি পেশাদার লিগের অধরা শিরোপা জিততে চাই। আশা করি ছেলেরা এবার আমাকে হতাশ করবে না।”
“যদিও কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা এই লড়াইয়ে জিততে প্রস্তুত,” যোগ করেন পুরমুসলিমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৪৭ঘ.
bdnews24