ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় নিবন্ধনের হিড়িক পড়েছে। আর তাতে আফ্রিকানদের ছড়াছড়ি। নতুন করে নিবন্ধীত ২৩ বিদেশীর মধ্যে ২১ জন আফ্রিকান এবং দুইজন ব্রাজিলীয়।
মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড পুরনোদের বাদ দিয়ে নতুন সাত বিদেশীকে দলভুক্ত করেছে। সাত বিদেশী হলেন- নেইক নয়েব (ক্যামেরুন), আউগুস্টাইন সিজোবা, এনদুকা উয়া, ড্যামেই সিজোইজ (নাইজেরিয়া), নোয়েস রোদেল, চিপুনাগু মুসুকুমা (জাম্বিয়া), ওয়াইসিও ওকালন (বেনিন)।
আবাহনীও নতুন তিন বিদেশীকে নিবন্ধন করিয়েছে। এদের মধ্যে দু’জন ব্রাজিলীয় ও একজন ক্যামেরুনের। স্ট্রাইকার জিয়ান ডি সিলভা ও মিলো ফিলিপ (ব্রাজিল) এবং ইউকো সাম্বনিক (ক্যামেরুন)।
লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি দলভুক্ত করেছে নতুন পাঁচ বিদেশীকে। তারা হলেন- জামিল আজামি, আহমেদ জাওয়াদ, সুলাইমান জয় (সিয়েরালিয়ন), জোসেফ আফুসি (নাইজেরিয়া) ও জেন অ্যারিক (ক্যামেরুন)।
আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মোহামেডানের ছেড়ে দেয়া নাইজেরীয় স্ট্রাইকার বাসডেন উইলকক্সকে দলে ভিড়িয়েছে। এছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্র তিনজন, ফেনী সকার ক্লাব দুইজন, রহমতগঞ্জ এমএফএস একজন ও ফারশগঞ্জ স্পোর্টিং ক্লাব একজন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে এই মধ্যবর্র্তী দলবদলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.
bdnews24