২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে আবাহনী

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন সবার ওপরে আবাহনী লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারানোর সুবাদে তাদের এই অর্জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন সবার ওপরে আবাহনী লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারানোর সুবাদে তাদের এই অর্জন। ৬ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ১৪ পয়েন্ট। লিগের প্রথম ৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এখন দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ১৩। আবাহনী ও মুক্তিযোদ্ধার সমান ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে তৃতীয় স্থানে। আবাহনীর জয়ের নায়ক বদলি খেলোয়াড় শাখাওয়াত হোসেন রনি। ৫৪ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের ক্রস থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন তিনি। অবশ্য শুধু রনি নয়, মূল্যবান তিনটি পয়েন্টের জন্য ঘানার গোলরক্ষক আল হাসানের কাছেও কৃতজ্ঞ থাকতে হবে পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়নদের। এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের পেনাল্টি ঠেকিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেয়ার কৃতিত্ব আল হাসানেরই। এই ম্যাচে শেখ রাসেলের খেলোয়াড়রা তেমন ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি। পিছিয়ে পড়ার পরও প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেননি তারা। শেখ রাসেলের মাঝমাঠও ছিলো একেবারেই নি®প্রভ। তাই ভালো কোনো আক্রমণও তৈরি করতে পারেনি তারা। শেখ রাসেলের কোচ মারুফুল হকও মিডফিল্ডারদেরই দুষলেন খেলা শেষে। তিনি বলেন, “মাঝমাঠ খুবই বাজে খেলছে। আর এর প্রভাব পড়েছে পুরো দলের ওপরে। মাঝমাঠের কারণে গোলেরও তেমন ভালো সুযোগ তৈরি হয়নি।” “অবশ্য হেরে গেলেও আমি হতাশ নই। এখনও আমাদের সুযোগ রয়েছে শীর্ষে ওঠার। চ্যাম্পিয়নও হতে পারি আমরা,” যোগ করেন তিনি। অন্যদিকে আবাহনীর কোচ আলী আকবর পুরমুসলিমি জয় পেয়ে খুশি। তিনি বলেন, “আমাদের দল তেমন ভালো খেলেনি। তারপরও জিততে পেরে ভালোই লাগছে। ঘানার মিডফিল্ডার ইব্রাহিমের অনুপস্থিতি দলের খেলায় প্রভাব ফেলেছে। তাই জিততেও অনেক কষ্ট করতে হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪১ঘ.