২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েনের কারণে ইপিএল দেখতেন অ্যাগুয়েরো

মাইকেল ওয়েনের খেলার মুগ্ধ ভক্ত সার্জিও অ্যাগুয়েরো। ওয়েনের খেলা দেখতেই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নিয়মিত দর্শক বনে গিয়েছিলেন এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া অ্যাগুয়েরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল ওয়েনের খেলার মুগ্ধ ভক্ত সার্জিও অ্যাগুয়েরো। ওয়েনের খেলা দেখতেই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নিয়মিত দর্শক বনে গিয়েছিলেন এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া অ্যাগুয়েরো। ম্যানচেস্টার ইভিনিং নিউজের সঙ্গে খোলামেলা আলোচনায় অ্যাগুয়েরো বলেন, "মাইকেল ওয়েনের খেলা আমার ভালো লাগতো। লিভারপুলে তিনি যখন খেলতেন, আমি মুগ্ধ হয়েই তার খেলা দেখতাম। তার কারণেই ইপিএল দেখা শুরু করি আমি।" ইতালির 'সেরি আ' এবং স্পেনের 'লা লিগা'র চেয়ে ইপিএল'র খেলাগুলো তাকে বেশি টানে বলে জানান ম্যান সিটির আক্রমণভাগের এই খেলোয়াড়। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই ইপিএল সমর্থকদের মন জয় করে নিয়েছেন অ্যাগুয়েরো। স্পেনের দল আতলেটিকো মাদ্রিদের হয়ে দীর্ঘদিন কাটানোর পরেও ইপিএলে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি আর্জেন্টিনার এই খেলোয়াড়ের। এত দ্রুত মানিয়ে নেয়ার রহস্য কি? শুনুন অ্যাগুয়েরোর কন্ঠে, "অবশ্যই স্পেনের ফুটবলের চেয়ে এখানকার (ইংল্যান্ড) পরিবেশ ভিন্ন। তাই মানিয়ে নেয়ার চেষ্টায় কোনো কমতি রাখিনি। অনুশীলনের সময় পূর্ণ মনোযোগ দেয়ার চেষ্টা করি আমি।" কোচ রবার্তো মানচিনিরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি, "আমাদের দলটা ভালো। মানচিনি ভালো করেই জানেন পুরো দলকে কিভাবে একত্রে রাখতে হয়। এই মুহূর্তে আমাদের কাজ হলো মাঠে তার নির্দেশ অনুসরণ করা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮৩২ ঘ.