ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার শিরোপা জিততে চলেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার তিতাস ক্লাবের রানী হামিদ।
জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে শনিবার দশম পর্বে বরিশালের মাসুদা বেগমকে হারিয়ে শিরোপা জয়ের পথ সুগম করেন তিনি। ১০ খেলায় তার পয়েন্ট সাড়ে ৮।
শনিবার শেষ পর্বে কুষ্টিয়ার দিলারা জাহান নুপুরকে হারালেই শিরোপা উদ্ধার করবেন রানী হামিদ। এর আগে ১৭ বার চ্যাম্পিয়ন হন তিনি।
আর্ন্তজাতিক মহিলা মাস্টার নারায়ণগঞ্জের শামীমা আক্তার লিজা ডেসটিনির শারমিন সুলতানা শিরিনের কাছে হেরে যাওয়ায় রানী হামিদের চ্যাম্পিয়ন হওয়ার পথ সুগম হয়।
লিজা ও মানিকগঞ্জের নাজরানা খান ইভা ৮ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে আছেন দ্বিতীয় স্থানে।
দিনের অন্যান্য খেলায় ইভা ঢাকার জাহানারা হক রুনুকে, চট্টগ্রামের মাহমুদা হক চৌধুরী মলি পাবনার রোকসানা তিতলীকে, মহিলা ফিদে মাস্টার ঢাকা মেট্ট্রোপলিটন চেস ক্লাবের জাকিয়া সুলতানা নুপুরকে, পাবনার আরিফা খাতুন মনি মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিনা আক্তার তানিকে হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৫৫ ঘ.
bdnews24