২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বাঁচা-মরার লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি পর্বের খেলায় মঙ্গলবার রাতে মুখোমুখি হবে স্পেনের সেরা দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি পর্বের খেলায় মঙ্গলবার রাতে মুখোমুখি হবে স্পেনের সেরা দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার চাই ড্র, এমনকি ১-০ গোলে হারলেও ওয়েম্বলির ফাইনালে পৌঁছে যাবে তারা। আর রিয়ালের জয় ভিন্ন অন্য কোনো বিকল্প নেই। আর সেটাও কমপক্ষে ৩-১ গোলের জয়। ১৮ দিনের মধ্যে রিয়াল-বার্সার চারটি 'এল ক্লাসিকো'র শেষ ম্যাচ এটি। বার্সা-রিয়াল ম্যাচ মানেই রোমাঞ্চের হাতছানি, ধ্র"পদী ফুটবলের আহ্বান। কিন্তু, গত সপ্তাহের বুধবার প্রথম পর্বের খেলায় মাঠে সুন্দর ফুটবলের অনুপস্থিতি ছিল। ফুটবলের চেয়ে হাত-পা চালাতেই মনোযোগ ছিল বার্সা-রিয়াল খেলোয়াড়দের। প্রশ্নবিদ্ধ রেফারিংও এর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে রিয়ালের রক্ষণভাগের প্রধান স্তম্ভ পেপেকে সরাসরি লাল কার্ড দেখানোর বিষয়টি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। খেলোয়াড়সহ দুই দলের কর্মকর্তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ফলস্বরূপ প্রথমে বার্সার দ্বিতীয় গোলরক্ষক না খেলেও লালকার্ড দেখেন। পরে রেফারিকে ব্যাঙ্গ করায় রিয়াল কোচ হোসে মরিনহোকেও লাল কার্ড দেখানো হয়। এরপর ১০ জনের রিয়াল ২-০ গোলে বার্সার কাছে অসহায় আত্মসমপর্ণ করে। তবে এর মাঝেও একজন নিজের জাত ঠিকই চিনিয়েছেন। তিনি হলেন বার্সা তারকা লিওনেল মেসি। তার জোড়া গোলেই ফাইনালে একপা দিয়ে রাখতে পেরেছে বার্সা। বিশেষ করে মেসির দ্বিতীয় গোলটি ইতিহাসের সেরা গোলগুলোর জায়গায় স্থান করে নিয়েছে। গোলরক্ষক ছাড়াও রক্ষণভাগের আরো চারজন খেলোয়াড়কে কাটিয়ে একক প্রচেষ্টায় অসাধারণভাবে রিয়ালের জালে বল জড়ান তিনি। খেলা পরবর্তী সময় স্বঘোষিত 'স্পেশাল ওয়ান' মরিনহোর উল্লাপাল্টা কথা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। কথার লড়াইয়ে শামিল হন রোনালদো, ইনিয়েস্তা, রামোস থেকে শুরু করে 'ভদ্র-বালক' মেসিও। এর ফলও হাতেনাতে পেয়েছে দু'দল। ওই ম্যাচের পরপরই লা লিগায় একই দিনে রিয়াল হেরেছে জারাগোজার কাছে। আর বার্সার জয়রথে লাগাম টেনেছে 'পুঁচকে' সোসিয়েদাদ। ফলে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে দু'দলই বুধবার মুখোমুখি হবে একে অপরের। তবে মাঠে নামার আগে বার্সা নিঃসন্দেহে অনেক এগিয়ে থাকবে। সেটা শুধু মাঠের খেলা দিয়ে নয়, পরিসংখ্যানের বিচারেও। একেতো খেলা হবে বার্সার মাঠ ন্যূ-ক্যাম্পে, তার ওপর রিয়ালের মাঠে দু'গোল দিয়ে আসায় ইতোমধ্যেই বার্সার এক পা চলে গেছে ২৮ মে'র ওয়েম্বলি ফাইনালে। আর শেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে বার্সা জিতেছে তিনটিতে, রিয়াল জয় পেয়েছে এক খেলায়। অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। এই মৌসুমের শেষ পাঁচ লড়াইয়ে রিয়ালের জালে বার্সা মোটামুটি গোল উৎসব করেছে। মোট গোল দিয়েছে নয়টি। আর হজম করেছে মাত্র দুটি। তাই সব দিক দিয়ে বার্সাই শ্রেয়তর দল হিসেবে মাঠে নামবে। তবে ফুটবলে শেষ কথা বলে কিছু নেই। গত বুধবার হোসে মরিনহোর রিয়ালই 'ফেভারিট' ছিলো। ১৭ এপ্রিল লা লিগায় ১০ জনের রিয়াল বার্সাকে রুখেছিল ১-১ গোলে। আর ২৩ এপ্রিল ১-০ গোলের জিতে 'কোপা দেল রে' শিরোপাটাই ঘরে তুলেছিল তারা। কিন্তু, বুধবার প্রথম সেমিফাইনালের ফল গিয়েছে রিয়ালেরই বিপক্ষে। তাই মাঠের লড়াইটাই আসল। যে ভালো খেলবে, সেই জিতবে। বাড়তি পাওনা হিসেবে রোনালদো-মেসির লড়াইটাতো আছেই। এছাড়া এবার চোখ রাখতে হবে মেসুত ওজিল ও জাভির দিকেও। ওজিল বার্সার সঙ্গে শেষ দুটো ম্যাচেই নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন। আর জাভিকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। মেসির আড়ালে ঢাকা থাকা বার্সার মাঝমাঠের খেলোয়াড় জাভি অবলীলায় অসাধারণ সব বল বানিয়ে দিতে পারেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২.৪৫ মিনিটে। খেলাটি টেন অ্যাকশন সরাসরি স