ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের আরেক দল লিভারপুল গোলশূন্য ড্র করেছে স্পোর্টিং ব্রাগার সঙ্গে। তারপরও দু'দলই বিদায় নিয়েছে ইউরোপা লিগ থেকে।
শেষ ষোলর লড়াইয়ের প্রথম খেলায় ডায়নামো কিয়েভের কাছে ০-২ গোলে হেরেছিল ম্যান সিটি। তাই নিজেদের মাঠে ফিরতি খেলায় বৃহস্পতিবার ১-০ গোলে জিতেও ১-২ গোলে পিছিয়ে থেকে বিদায় নেয় তারা।
আর নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফিরতি খেলায় ব্রাগার সঙ্গে গোলশূন্য ড্র করেও প্রথম খেলায় ১-০ গোলে হার মানায় ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হয়েছে লিভারপুলকে।
ম্যানচেস্টারে নিজেদের মাঠে খেলার ৩৭ মিনিটে দশজনের দল হয়ে পড়ে ম্যান সিটি। তবে মারিও বালোতেল্লি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও খেলার দখল হারায়নি তারা। ২ মিনিট পর অ্যালেকজান্ডার কোলারভের গোলে এগিয়েও যায় ম্যান সিটি।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে রবার্তো মানচিনির দল। কিন্তু দুর্ভাগ্য তাদের, শত চেষ্টার পরও প্রয়োজনীয় আরেকটি গোল আদায় করতে পারেনি তারা।
দলবদলের সময় আক্রমণভাগের খেলোয়াড় অ্যান্ডি ক্যারোলকে কিনতে ৩৫ মিলিয়ন পাউন্ড খরচ করে লিভারপুল। সেই ক্যারোলকে চলতি মৌসুমে প্রথমবারের মতো বৃহস্পতিবার খেলার শুরুতে নামান কোচ কেনি ডগলিশ।
গোলতো পান নি, উল্টো একটি হলুদ কার্ড দেখে সমর্থকদের হতাশা বাড়িয়েছেন ক্যারোল। আর গোলশূন্য ড্র করে ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হয়েছে দলকে। ফলে স্পোর্টিং ব্রাগা প্রথমবারের মতো পৌঁছেছে ইউরোপা লিগের শেষ আটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৫৫ ঘ.
bdnews24