ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ নিজ খেলায় জিতে জাতীয় টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন অমল রায়, লক্ষ্মণ লাল, আলমগীর হোসেন ও রঞ্জন রাম।
বৃহস্পতিবার শেষ চারের খেলায় রমনা টেনিস কমপ্লেক্সে অমল লক্ষ্মণের বিপক্ষে এবং আলমগীর রঞ্জনের বিপক্ষে নামবেন।
বুধবার ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল ৬-৩, ৬-২ গেমে আমেরিকান ক্লাবের দেলোয়ার হোসেনকে হারান।
আরেক শীর্ষবাছাই আমেরিকান ক্লাবের লক্ষণ ৬-২, ৪-৬, ৬-১ গেমে জাপানিজ ক্লাবের মুনির হোসেনকে হারান।
প্রতিযোগিতার দ্বিতীয় শীর্ষ বাছাই নরডিক ক্লাবের আলমগীর ৭-৫, ৬-৪ গেমে একই ক্লাবের দীপু ললের বিপেক্ষে জেতেন।
জাতীয় টেনিস কমপ্লেক্সের রঞ্জন ৬-১, ৩-৬, ৬-২ গেমে বৃটিশ হাই কমিশন ক্লাবের আনোয়ার হোসেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেন।
মহিলা এককের সেমিফাইনালে জাতীয় টেনিস কমপ্লেক্সের সাথী সরকার বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বিকেএসপির ইশিতা আফরোজকে হারিয়ে চমক দেখান। তিনঘন্টা পঁচিশ মিনিটের লড়াইয়ে সাথী প্রথম সেটটি ৬-৩ গেমে জয় পেলেও দ্বিতীয় সেটটি ৩-৬ গেমে হেরে যান। তবে, তৃতীয় সেটে ৬-৩ গেমে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি।
বালক একক ১৬ বছর গ্র"পে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনালে জাতীয় টেনিস কমপ্লেক্সের বিপ্লব রাম বিকেএসপির মামুন ব্যাপারিকে হারান। বিপ্লব প্রথম সেটে ১-৬ গেমে হেরে গেলেও দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে খেলার সমতা আনেন। তৃতীয় সেটে বিপ্লব ৩-৫ গেমে পিছিয়ে থেকেও ৭-৫ গেমে সেটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন।
অপর খেলায় জাতীয় টেনিস কমপ্লেক্সের জামিল ভূইয়া ৬-৪, ৬-২ গেমে বিকেএসপির তানজির আহমেদকে এবং বিকেএসপির ওয়াই মং মারমা ৬-৪, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের সেলিম সাদমানকে হারান।
সেমিফাইনালে জামিল রুস্তমের এবং বিপ্লব ওয়াই মংয়ের মোকাবেলা করবেন।
বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম
bdnews24