ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা কথা। কোনোটার সত্যতা আছে, আর কোনোটা বা স্রেফ গুজব। অবশ্য এখন আর সত্য কিংবা মিথ্যা যাচাই করার দরকার নেই। কেননা তেভেজ নিজেই জানিয়ে দিয়েছেন তার ইচ্ছার কথা। ইংল্যান্ড আর ফিরে যেতে চান না তিনি। এর বদলে খেলতে চান তার ছেলেবেলার দল বোকা জুনিয়রসে।
আর্জেন্টিনার একটি পত্রিকাকে তিনি বলেন, “বেতন কমে গেলেও আমার কোনো মাথা ব্যথা নেই। লন্ডন যাওয়া-আসা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি।”
“আর ইংল্যান্ড ফিরে যাচ্ছি না,” রীতিমতো ঘোষণার সুরে বলেন তেভেজ, “প্রাক-মৌসুম আমি বোকায় শুরু করতে চাই। দলটির হয়ে খেলতে চাই কোপা লিবারতাদোরেস।
সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর থেকে ম্যানচেস্টার সিটি কোচে রবার্তো মানচিনির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ২৭ বছর বয়সী আক্রমণভাগের এই খেলোয়াড়।
তেভেজ বোকায় খেলতে চাইলেও আর্জেন্টিনার দলটি বলেছে, তেভেজ নেয়ার মতো অর্থকড়ি তাদের নেই।
তেভেজকে যে দলই নিক, সেই দলটির পকেট থেকে বেরিয়ে যাবে প্রায় ৪০ মিলিয়ন ইউরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১১ ঘ.
bdnews24