ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুন্ডেসলিগায় পাঁচ বছরের মধ্যে মাইকেল বালাকের প্রথম গোলের ওপর ভর করে শুক্রবার বায়ার লেভারকুসেন ১-০ গোলে জিতেছে পয়েন্ট তালিকার একেবারে নিচের দল ফ্রেইবুর্গের বিপক্ষে।
বাডেনোভা স্টাডিওনে খেলার দুই মিনিটেই লেভারকুসেনকে এগিয়ে নেন বালাক। মাইকেল ক্যাডলেকের কর্নার মাথা দিয়ে ওমের টপর্যাক পাঠিয়ে দেন ম্যানুয়েল ফ্রেডরিখের কাছে। সঙ্গে সঙ্গে তিনি বল ঠেলে দেন বালাকের দিকে। আলতো টোকায় বল পাঠিয়ে দেন তিনি কাক্সিক্ষত ঠিকানায়।
অবশ্য গোল শোধ করার মতো সুযোগ বেশ কয়েকটি পেয়েছিলেন ফ্রেইবুর্গের খেলোয়াড়রা। কিন্তু কাজে লাগাতে পারেননি একটিও। গোল দেয়ার মতো দক্ষতার অভাবও স্পষ্ট হয়ে ওঠে তাদের খেলায়। ফলে নিজেদের মাঠেই হার মানতে হলো তাদের।
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেয়ার আগে বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান লিগে বালাক তার শেষ খেলায় গোল করেন ২০০৬ সালের মে মাসে।
লেভারকুসেনের পয়েন্ট ১১ খেলায় ১৭। সমান খেলায় ৭ পয়েন্ট ফ্রেইবুর্গের। আর ১০ খেলায় ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪২ ঘ.
bdnews24