ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার লিগে বিদেশি খেলোয়াড়ের কোটা আরো বাড়ানো উচিত বলে মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিজ কার্যালয়ে তিনি শনিবার বলেন, "বিদেশি খেলোয়াড়ের কোটা বাড়লে আমাদের ফুটবল ক্ষতিগ্রস্ত হবে না। বরং উপকৃতই হবে। কারণ ভালো মানের বিদেশি খেলোয়াড় আসলে তাদের কাছ থেকে আমাদের খেলোয়াড়রা কিছু শিখতে পারবে।"
"গত বাংলাদেশ লিগে ৫ জন বিদেশি খেলোয়াড়ের কোটা ছিল। অনেক দলের সাইড বেঞ্চে হয়তো জাতীয় দলের খেলোয়াড়দের বসে থাকতে হয়েছে।"
"কিন্তু সেই খেলোয়াড়রাই আবার জাতীয় দলের হয়ে ভালো করেছেন। গোল পেয়েছেন। কারণ অনুশীলনে বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে তারা কিছুটা হলেও শিখতে পেরেছে।", বলেন বাফুফে সভাপতি।
এবারের বাংলাদেশ লিগে চারজন বিদেশি খেলোয়াড়ের কোটা রাখা হয়েছে। স¤প্রতি পেশাদার লিগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সম্পর্কে সালাউদ্দিন বলেন, "চারজন খেলোয়াড় মাঠে খেলতে পারে। কিন্তু কেন এর চেয়ে বেশি খেলোয়াড় নিবন্ধন করা যাবে না? কারণ যে কোনো সময় একজন খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে।"
বিদেশি খেলোয়াড়ের কোটা বাড়লে স্থানীয় ফুটবলাররা খেলার সুযোগ কম পান বলে অভিযোগ রয়েছে। এই সর্ম্পকেও ভিন্ন মত পোষণ করেন সাবেক এই তারকা ফুটবলার।
তিনি বলেন, "আমাদের সময় ফুটবলারদের অনেক লড়াই করেই প্রথম একাদশে জায়গা পেতে হতো। আসলে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা না থাকলে খেলার মান বাড়ে না। যতো প্রতিযোগিতা হবে খেলার মানও ততো বাড়বে।"
খেলোয়াড়রা অভিযোগ করেন- কোটা বাড়লে নিুমানের বিদেশি খেলোয়াড় চলে আসে। বাফুফে সভাপতি এ ব্যাপারে বলেন ,"যদি নিুমানের বিদেশি খেলোয়াড় আসে, তাদের কেন পিছনে ফেলতে পারবে না আমাদের ফুটবলাররা?"
খুব শিগগিরই পেশাদার লিগ কমিটির পরবর্তী সভা বসছে জানিয়ে বাফুফে সভাপতি বলেন, "সেই সভা থেকে বিদেশি খেলোয়াড়ের কোটা বাড়ানোর সিন্ধান্ত আসতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২০৩০ ঘ.
bdnews24