ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোকিওতে প্যান প্যাসিফিক ওপেন শিরোপা জিতেছেন পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কা। এই বছরে এটি তার দ্বিতীয় শিরোপা জয়।
শনিবারের ফাইনালে রাদওয়ানস্কা ৬-৩, ৬-২ গেমে হারান রাশিয়ার ভেরা জভোনারেভাকে।
এই জয়ের ফলে 'ডব্লিউটিএ' চ্যাম্পিয়নশিপে রাদওয়ানস্কার খেলার সম্ভাবনা অনেক উজ্জ্বল হলো। কারণ এখানে জেতার পর র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন দ্বাদশ।
মেয়েদের এককের শীর্ষ আট খেলোয়াড় নিয়ে ওই প্রতিযোগিতা হয়।
রাদওয়ানস্কা বলেন, "এখানে আসার আগে আমার খুব বেশি সম্ভাবনা ছিলো না। কারণ আমি র্যাঙ্কিংয়ে চতুর্দশ ছিলাম। তবে আমি জানতাম যদি এখানে ও বেইজিংয়ে খুব ভালো খেলতে পারি তবে সম্ভাবনা আছে। এখন আমি নিশ্চিত আমার সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং আমি শেষ পর্যন্ত লড়াই করবো।"
যদিও ফাইনালে প্রথম সেটের শুরুতে ২-০ গেমে এগিয়ে ছিলেন জভোনারেভাই। সেখান থেকে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসেন রাদওয়ানস্কা এবং ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন।
ম্যাচ শেষে রাদওয়ানস্কা বলেন, "শুরুতে আমি কিছুটা অস্বস্তিতে ছিলাম। শুরুর ওই দুইটি গেমও মুহূর্তেই শেষ হয়ে যায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম। আমি খুশি যে দ্রুতই আমি নিজেকে ফিরে পাই এবং প্রথম সেট জিতে যাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০০ ঘ.
bdnews24