ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা। দু'সপ্তাহ আগে চোট পেয়েছিলেন তিনি।
বার্সেলোনা জানায়, শুক্রবার দলের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলন করেন স্পেনের জাতীয় দলের এই খেলোয়াড়।
চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ১৩ সেপ্টেম্বরের খেলায় বাঁ পায়ের মাংশ পেশীতে চোট পান ইনিয়েস্তা। খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
অনুশীলন করতে দেখা যায় রক্ষণভাগের খেলোয়াড় কার্লোস পুয়োলকেও। চ্যাম্পিয়ন্স লিগে বাতে বরিসভের বিপক্ষে বুধবারের খেলায় আঘাত পান তিনি। খেলায় বরিসভ হার মানে ৫-০ গোলে।
চোট পাওয়ায় বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিস সানচেজ ও মাঝমাঠের খেলোয়াড় ইব্রাহিম আফেলে এখনো মাঠের বাইরে রয়েছেন।
লা লিগা চ্যাম্পিয়নদের পরের খেলা রোববার স্পোর্টিং গিজনের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৮ ঘ.
bdnews24