ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির একটি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন জাতীয় দলের দুই হকি খেলোয়াড়।
ভিসা পাওয়ার পর অচিরেই তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন।
হকি ফেডারেশনে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, খেলোয়াড় দু'জন হলেন তাপস বর্মণ ও ইমরান হাসান পিন্টু। এরই মধ্যে তারা ভিসার জন্য আবেদনও করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে তাপস বলেন, "১৫ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আমরা জার্মানি যাচ্ছি। সেখানকার একটি প্রতিযোগিতায় খেলার জন্য একটি ক্লাব আমাদের আমন্ত্রণ জানিয়েছে। ভিসা হাতে পেলেই রওনা হব।"
দুই মাস তারা জার্মানিতে থাকবেন বলে জানিয়ে তিনি বলেন, "২০ মার্চ আমাদের ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে।"
এর আগেও জাতীয় দলের হকি খেলোয়াড়রা জার্মানিতে খেলেছেন। দুই মেয়াদে জাতীয় দলের খেলোয়াড়দের জার্মানিতে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ জার্মানির নাগরিক জেরহার্ড পিটার।
প্রশিক্ষণ নিতে গিতে তারা বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে নামেন। কিন্তু বেতন-ভাতা না পেয়ে অবর্ণনীয় কষ্ট পেতে হয় তাদের।
এর আগে রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন মালয়েশিয়ার হকি লিগে খেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১৩ ঘ.
bdnews24